ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের অর্জন কী?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৫, ৬ আগস্ট ২০২৪
প্যারিস অলিম্পিকে বাংলাদেশের অর্জন কী?
ছবি- সংগৃহীত

প্রেমের শহর খ্যাত ফ্রান্সের প্যারিসে গড়িয়েছে এবারের অলিম্পিকের আসর। যেখানে বড় স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন বাংলাদেশি অ্যাথলেটরা। তবে প্রতিযোগিতায় হতাশার পারফরম্যান্স উপহার দিয়েছেন তারা। এতে বরাবরের মতোই শূন্য হাতে ফিরতে হচ্ছে তাদের।

বাংলাদেশের কেউ প্যারিস অলিম্পিকে সেভাবে ভালো করতে পারেননি। বাজে পারফর্ম করেছেন সাঁতারু সোনিয়া আক্তার। আর ফিল্ড অ্যান্ড ট্রাকে নিজের পুরো ক্যারিয়ারের সবচেয়ে বাজে দৌড় দিয়েছেন ইমরানুর রহমান। শুধু সাঁতারু সামিউল ইসলাম নিজের স্কোর সামান্য কমাতে পেরেছিলেন। 

বাংলাদেশের এমন অবস্থা হয়েছে, অলিম্পিক গেমসের মতো আসরে শুধু অংশগ্রহণই বড় কথা হয়ে আছে। আধুনিক অলিম্পিকের জনক পিয়েরে দা কুবের্তের সেই বাণী অনুসরণ করে আসছে। ১৭ কোটি জনসংখ্যার দেশের ক্রীড়াবিদরা বরাবরই শূন্য হাতে ফিরছেন।

Advertisement

সোনিয়া বলেন, ‘সবাই শুধু ফল চায়। কিন্তু একবারও ভাবে না মাত্র এক মাসের প্রস্তুতি নিয়ে অলিম্পিকের মতো আসরে ভালো করা বেশ কঠিন। শুধু তাই নয়। আধুনিক অনেক কিছুই তো নেই আমাদের। এখানে এসে অন্য সবাইকে দেখে নিজের প্রতি খারাপই লাগে।’

এত গেল সাঁতার। শুটিং, আরচ্যারি কিংবা অ্যাথলেটিকস সাঁতারের চেয়ে ভালো সুবিধা পেয়েও খারাপ ফল করেছে। সারা বছর বিদেশি কোচের অধীনে অনুশীলন করে শুটিং আশানুরূপ কিছুই করতে পারেনি। ফেডারেশনের শুধুই বাগাড়ম্বর।  

আরচ্যারিতে সাগর ইসলাম আসল জায়গায় খারাপ করেছেন। জার্মানির কোচ মার্টিন ফ্রেডরিক আশার বাণী শোনালেও তীর ধনুকের লড়াইয়ে পিছিয়ে ছিলেন। গতবার টোকিও অলিম্পিকে যাও বা রোমান সানা দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। এবার প্যারিসে সাগরকে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে। 

সবশেষ অ্যাথলেটিকস তো চূড়ান্ত হতাশ করেছে। চোট লুকিয়ে লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা ইমরানুর রহমান অলিম্পিকে দৌড়ে খারাপ ফল করেছেন। ফেডারেশন সাধারণ সম্পাদক  আব্দুর রকিব মন্টুর দিকে অভিযোগের তীর। তার অনিয়ম ও দুর্নীতির কারণে অলিম্পিকের মতো আসরে সবচেয়ে খারাপ ফল হয়েছে। 

এসব নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বিষন্ন কণ্ঠে বলেছেন, ‘আমরা যাদের সারাবছর আইওসি বৃত্তি দিয়েছি তাদের কেউ অলিম্পিকে জায়গা পায়নি। এই দায় কার! ফেডারেশন কি মনিটরিং করেছে তাহলে? আসলে এভাবে হবে না। দীর্ঘমেয়াদে পরিকল্পনা করে এগোতে হবে। সবার চেষ্টা না থাকলে অলিম্পিকের মতো জায়গায় কিছু করা কঠিন।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!