ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কোপা আমেরিকা - ২০২৪

কোপা আমেরিকা ২০২৪: সেরার পুরস্কার উঠল যাদের হাতে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯, ১৫ জুলাই ২০২৪
কোপা আমেরিকা ২০২৪: সেরার পুরস্কার উঠল যাদের হাতে
ছবি- সংগৃহীত

সোমবার কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। এ নিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ে মেতেছে দলটি। আর টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ১৬বার শিরোপা ঘুরে তুলেছে আলবিসেলেস্তেরা।

একুশ শতকে লম্বা সময় ধরে আর্জেটিনাকে বলতে গেলে একাই টেনেছেন মেসি। অথচ আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা আমেরিকা জেতায় মেসি থাকলেন পার্শ্বচরিত্র হয়ে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে দারুণ অবদান রেখেছেন লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের অধিনায়ক ৬ ম্যাচে ৫ গোল করে জিতে নিয়েছেন এবারের আসরের গোল্ডেন বুট।

আর্জেন্টিনার ফের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দারুণ অবদান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমি কোপা আমেরিকায়ও পেলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস। আসরে আর্জেন্টিনার খেলা ছয় ম্যাচের পাঁচটিতেই গোল হজম করেননি মার্টিনেজ।

তবে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল আর্জেন্টিনা ঘরে তুলতে পারেনি। কলম্বিয়াকে ফাইনালে তুলতে দুর্দান্ত ফুটবল উপহার দেয়া জেমস রদ্রিগেজই নির্বাচিত হয়েছেন এবারের আসরের সেরা খেলোয়াড়। 

আসরে ১টি গোল ও ৬টি অ্যাসিস্ট করে সবাইকে পেছনে ফেলেছেন জেমস। মেসির (৭) পর দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিগ চান্সও তিনিই তৈরি করেছেন। সব মিলিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পথে জেমসের কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না।

তবে ২৩ বছর পর দলকে ফাইনালে তুললেও শেষটা রাঙাতে পারেননি রদ্রিগেজ। লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে শিরোপা গেছে আর্জেন্টিনার ঘরে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!