ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কোপা আমেরিকা - ২০২৪

অবশেষে মাঠে গড়াল আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনাল ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২৪, ১৫ জুলাই ২০২৪
অবশেষে মাঠে গড়াল আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনাল ম্যাচ
ছবি- সংগৃহীত

মঞ্চটা প্রস্তুতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। তবে সেই উৎসবে বাধা হয়ে দাঁড়িয়েছিল সমর্থকেরা। কারণ, জমজমাট ফাইনালের মঞ্চে সাক্ষী হতে বিনা টিকিটে স্টেডিয়ামে প্রবেশ করে তারা। তাতেই তিন দফা পিছিয়ে যায় ফাইনালের সময়। অবশেষে সেসব নাটকীয়তা শেষে মাঠে গড়াল আর্জেন্টিনা-কলম্বিয়ার বহুল প্রতিক্ষিত ফাইনাল ম্যাচটি।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচটি নির্ধারিত সময়ের সোয়া ১ ঘণ্টা পর শুরু হয়েছে।

এর আগে স্টেডিয়ামে খেলোয়াড়দের প্রবেশের সময় উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। কলম্বিয়ান অধ্যুষিত সেই অঞ্চলের অনেকেই ফাইনালের ভেন্যুতে প্রবেশের চেষ্টা চালান। ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিবেশের। 

Advertisement

স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের ওপর চড়াও হতে। প্রটোকল অবশ্য পুরোপুরি মানতে পারেননি হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশেরা। কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েছেন বিনা টিকিটে। পুরো বিষয়টি নিয়েই সেখানে তৈরি হয় জটিল পরিস্থিতির। ফাইনালকে কেন্দ্র করে বাড়তি ব্যবস্থা নিয়েও বিতর্ক এড়াতে পারেনি কনমেবল। 

চরম বিপাকের মাঝে পড়ে আয়োজকরা তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তিন দফায় সময় পেছায় আয়োজকরা।

আর্জেন্টিনা একাদশ: ইমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

কলম্বিয়া একাদশ: ক্যামিলো ভার্গাস (গোলরক্ষক), সান্তিয়াগো আরিয়াস, সান্তিয়াগো আরিয়াস, ডেভিনসন স্যানচেজ, জোহান মোজিকা, রিচার্ড রিওস, জেফারসন লের্মা, জন আরিয়াস, জেমস রদ্রিগেজ, লুইস দিয়াজ ও জন করদোবা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!