সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জেতে ব্রাজিল। আর ২০১৯ সালে কোপার শিরোপা উঁচিয়ে ধরে দলটি। এরপর আর কোনো টুর্নামেন্টে সর্বোচ্চ সাফল্য পায়নি দলটি।
তবে মজার তথ্য হলো-গত ২০ বছরে কোপা আমেরিকায় নকআউট পর্বে যে ক’টি ম্যাচ হেরেছে ব্রাজিল, তার সবগুলো ম্যাচেই তাদের প্রতিপক্ষ দলের কোচ ছিলেন আর্জেন্টিনার।
.png)
২০১১ সালের কোপার আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। সেবার তাদের প্রতিপক্ষ ছিল প্যারাগুয়ে। ম্যাচটিতে টাইব্রেকারে হেরে যায় সেলেসাওরা। এই ম্যাচে প্যারাগুয়ের কোচ ছিলেন আর্জেন্টাইন জেরার্দো টাটা মার্তিনো। যিনি বর্তমানে ইন্টার মায়ামিতে কোচিং করাচ্ছেন।
২০১৫ সালেও একই প্রতিপক্ষ প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। আসরের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে (৪-৩) হারের তেতো স্বাদ পায় সেলেসাওরা। সেবার প্যারাগুয়ের কোচ ছিলেন র্যামন দিয়াজ। যিনি একজন আর্জেন্টাইন।
পরের বছরই অনুষ্ঠিত হয় কোপা আমেরিকা। যেখানে ‘বি’ গ্রুপের ম্যাচে পেরুর কাছে হেরে যায় ব্রাজিল। ম্যাচটিতে ১-০ গোলে পরাজিত হন দুঙ্গার শিষ্যরা। এই ম্যাচেও পেরুকে পেছন থেকে নেতৃত্ব দেন আর্জেন্টাইন রিকার্দো গারেকা।
২০২১ সালে কোপার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে শিরোপা উচ্ছ্বাস করে আলবিসেলেস্তেরা। এই ম্যাচে মেসি-মার্টিনেজদের ডাগআউট থেকে নেতৃত্ব দেন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি।
চলমান কোপায় শিরোপার লক্ষ্যে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে তাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে উরুগুয়ের কাছে। এবারও তাদের যাত্রা থেমেছে কোয়ার্টার ফাইনালেই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটিতে সেলেসাওদের টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বাজিয়েছেন উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা।