লাইপজিগ স্টেডিয়ামে ম্যাচের অর্ধ মিনিট পার না হতেই কর্নার পায় তুরস্ক। সেখান থেকে আর্দা গুলেরের শট অস্ট্রিয়ার ডি-বক্সের ভেতর গিয়ে পড়লে নিজেদেরকে বিপদমুক্ত করতে পারেননি অস্ট্রিয়ার ক্রিসটপ বৌমগার্টনার।
গোললাইন থেকে গোলরক্ষক বল সরিয়ে দিলে সেটি পেয়ে দুর্দান্ত শটে গোল করেন তুরস্কের মেরিহ ডেমিরাল। এতে ৫৭ সেকেন্ডে এগিয়ে যায় তুর্কিরা। ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে কোনো নকআউট ম্যাচে দ্রুততম গোলের রেকর্ড এটি। আর সবমিলিয়ে টুর্নামেন্টটির ইতিহাসের দ্বিতীয়।
.png)
এর আগে চলতি আসরেই ইতালির বিপক্ষে ২৩ সেকেন্ডে গোল করে ইউরোর ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড করেছিলেন আলবেনিয়ার নেদিম বাজরামানি।
ম্যাচের ৩ মিনিটে আক্রমণে আসে অস্ট্রিয়ার বৌমগার্টনার। মার্সেল সবিৎজালের অ্যাসিস্ট থেকে তার শটটি গোলবারের বাইরে দিয়ে চলে যায়। ৭ মিনিটে লেইহার্টের হেড অল্পের জন্য তুরস্কের গোলবার স্পর্শ করতে পারেনি।
শুরুর গোল শোধ দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রিয়া। বারবার আক্রমণে আসতে থাকে তারা। মাঝেমধ্যে দুই একটি আক্রমণ ছিল তুরস্কেরও। ১৯ মিনিটে গুলারের বাঁপায়ের শট আর ২৫ মিনিটে ডেমিরালের হেড অস্ট্রিয়ার গোলবারের বাইরে দিয়ে চলে যায়।