বৃহস্পতিবার কেনসিংটন ওভালে গ্রুপ ওয়ানের ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে ভারত। ১৮২ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে সব কটি উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয় রশিদরা। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট তুলে নেন জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং।
রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আফগানিস্তান। ৮ বলে ১১ রান করে বুমরাহর বলে এজ হয়ে রিশাভ পন্তের হাতে ধরা পড়েন রহমানউল্লাহ গুরবাজ। এরপর ক্রিজে স্থায়ী হতে পারেননি টপ অর্ডারের বাকি দুই ব্যাটারও। হযরতউল্লাহ জাজাই ৪ বলে ২ রান করে বুমরাহর আর ইব্রাহিম জাদরান ১১ বলে ৮ রান করে অক্ষর প্যাটেলের শিকার হন।
.png)
মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা হলেও সেটা খুব একটা কাজে আসেনি। গুলাবদিন নাইব ২১ বলে ১৭, আজমতউল্লাহ ওমরজাই ২০ বলে ২৬ ও নাজিবুল্লাহ জাদরান ১৭ বলে ১৯ রান করে আউট হন। দলের সংগ্রহ তখন ১৫.২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১০২ রান। শেষদিকে মোহাম্মদ নবির ১৪ বলে ১৪ ও নুর আহমেদের ১৮ বলে ১২ রানে কেবল হারের ব্যবধান কমে।
ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন জাসপ্রিত বুমরাহ। ৪ ওভার বল করে মাত্র ৭ রান খরচায় ১ মেডেনসহ ৩ উইকেট তুলে নেন তিনি। ৩ উইকেট নিলেও ৩৬ রান খরচ দেন আর্শদীপ সিং।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছিল ভারত।