ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এই রিয়াদকে বাদ দেওয়ার কথা ভাবছিল বাংলাদেশ, বিস্মিত ধারাভাষ্যকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৬, ৮ জুন ২০২৪
এই রিয়াদকে বাদ দেওয়ার কথা ভাবছিল বাংলাদেশ, বিস্মিত ধারাভাষ্যকার
ছবি- সংগৃহীত

শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। শনিবার ডালাসে লঙ্কানদের ২ উইকেটে হারিয়েছে টিম টাইগার্স। এই জয়ে পরের পর্বে যাওয়ার পথটা সহজ করেছে শান্তরা। অন্যদিকে টানা দুই হারে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিন শ্রীলংকার বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে রান ছিল ১৩ বলে ১৬ রান। রানের বিচারে খুব একটা বড় ইনিংস না হলেও আজকের ম্যাচের বিচারে ছিল বিশেষভাবে কার্যকর। বাংলাদেশ দল যে শেষ পর্যন্ত ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে, তাতে অভিজ্ঞ এ ব্যাটসম্যানই শেষ দিকে হাল ধরার কাজটি করেছেন।

মাহমুদউল্লাহ এর আগেও চাপ সামলে এরকম অনেক ম্যাচ উপহার দিয়েছিলেন বাংলাদেশের ভক্তদের। চাপের মুখে টেল এন্ডারদের নিয়ে রিয়াদের ম্যাচ বের করে নেয়া ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন হার্শা ভোগলে। ভারতের এ ধারাভাষ্যকার বিস্ময় প্রকাশ করে বলেছেন, তার বিশ্বাস হচ্ছে না, এমন ব্যাটিং–সামর্থ্যের একজনকে বাংলাদেশ দল বাদ দেয়ার চেষ্টা করেছিল।

Advertisement

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাহমুদউল্লাহকে নিয়ে বিস্ময় প্রকাশ করে হার্শা লিখেছেন, ‘সর্বশেষ টি-২০ বিশ্বকাপে ফর্মের কারণে দলে জায়গা পাননি মাহমুদউল্লাহ। ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান গত বছরের ওয়ানডে বিশ্বকাপের আগেও দলে নিয়মিত ছিলেন না। তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ছিল অনিশ্চয়তা।’

শনিবার ডালাসে শ্রীলংকার বিপক্ষে মাহমুদউল্লাহর হাল ধরা ব্যাটিংয়ের পর সে ঘটনার দিকে ইঙ্গিত করে ভোগলে লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না, কিছুদিন আগেও এই মাহমুদউল্লাহকে বাদ দেয়ার কথা ভাবছিল বাংলাদেশ।’

শুধু মাহমুদউল্লাকে নিয়েই নয়, এদিন তাওহীদ হৃদয়কে নিয়ে কথা বলেছেন হার্শা, ‘তাওহীদ হৃদয়ের ব্যাপারে অনেক শুনেছি এবং সেসব মোটেও অতিরঞ্জিত নয়। তাকে দেখে বিশেষ খেলোয়াড়ই মনে হয়। কিন্তু বাংলাদেশের জন্য লিটন দাসের ফর্মে ফেরা গুরুত্বপূর্ণ। কারণ, আমি বিশ্বাস করি, সাদা বলে সে তাদের সেরা ব্যাটসম্যান।’

আগামী ১০ জুন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে নিউইয়র্কে। আর বাংলাদেশের শেষ দুটি ম্যাচ ১৩ ও ১৭ জুন, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!