লঙ্কানদের বিপক্ষে এই জয়ে বাংলাদেশ দলের পরের ধাপে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই ছোট্ট এই জয়ের মাহাত্ম অনেক। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোত্তর্জা। যেখানে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের জয় নিয়ে বিচার-বিশ্লেষণ করেছেন সাবেক টাইগার দলপতি।
টাইগারদের সাবেক অধিনায়ক ম্যাচ বিশ্লেষণ করে লিখেছেন, ‘বোলিংই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। যে ধরনের উইকেটে খেলা হচ্ছে তাতে ভরসা না করার কোন কারণ নাই। রিশাদ, মুস্তাফিজ, তাসকিন, সাকিব জুনিয়ার সবাই দারুণ বোলিং করেছে। এর মধ্যে অবশ্যই রিশাদ একটু আলাদা। কারণ তার প্রথম বিশ্বকাপ ম্যাচ, তারপর আবার এমন সময় বোলিং করেছে যখন খেলা দুই দলের দিকেই ছিল। চাপ সামলে দারুণভাবে বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে।’
.png)
নির্বাচকদের ধন্যবাদ জানিয়ে ম্যাশ লিখেছেন, অনেক দিনের লেগ স্পিনারের আক্ষেপ হয়তো মিটতে যাচ্ছে, যদিও অনেক সময় বাকি। মুস্তাফিজের জন্য এই বিশ্বকাপ স্বর্গে থাকার মতো। কারণ এর চেয়ে আইডিয়াল উইকেট সে হয়তো খুব কম পাবে। তানজিম সাকিব সিলেকশন নিয়ে অনেক কথা হলেও সে ঠিকই তার সেরাটা বের করে এনেছে, এজন্য অবশ্যই সিলেকশন প্যানেলকে ধন্যবাদ দিতে হবে।
তিনি আরো লিখেছেন, ব্যাটিং এমনিতেই এই উইকেটে একটু কঠিন হবে। তবে লিটনের দায়িত্বশীল এবং হৃদয়ের সাহসী ব্যাটিং হয়তো সামনের ম্যাচগুলোয় অনেক সাহস যোগাবে। তারপরও মনে করি, এ ম্যাচ আরো হ্যান্ডস্যামলি জেতা উচিত ছিল। যা-ই হোক দিনশেষে জয় জয়ই। কারণ দল এমনিতেই ওনেক চাপে ছিল।
ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের কথায়, ‘যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এটা আমাদের দলের জন্য অবশ্যই ভালো। কারণ স্লো ট্রাক মানেই আমাদের সুযোগ সব সময়ই থাকবে। অনেক কষ্টের জয়, পরেরগুলো সহজ হোক এই প্রত্যাশা। ওহ, রিয়াদ ইউ অলওয়েজ বিউটি আন্ডার প্রেসার।’