ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফগানিস্তান দলে যোগ দিলেন ব্রাভো!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৫, ২১ মে ২০২৪
আফগানিস্তান দলে যোগ দিলেন ব্রাভো!
ডোয়াইন ব্রাভো

টি-২০ বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তে প্রতিটি দলই নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। আফগানিস্তানও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপে নিজ দলের বোলারদের সেরা পারফর্ম পেতে বোলিং পরামর্শক হিসেবে ডোয়াইন ব্রাভোকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 

বিশ্বকাপের আগেই দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন ব্রাভো। মঙ্গলবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসিবি।

ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি টি-২০ ইতিহাসের সর্বোচ্চ ৬২৫টি উইকেটের মালিক। জাতীয় দলের জার্সি গায়ে তিন সংস্করণ মিলিয়ে ২৯৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টি-২০তে প্রায় সাত হাজার রান করা এ অলরাউন্ডার।

Advertisement

২০২১ সাল পর্যন্ত সবকটি টি-২০ বিশ্বকাপ খেলা ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে জিতেছেন দুটি শিরোপা। চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্রাভো। এসিবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ব্রাভোর খেলার ধরন ও বিনোদনের কারণে বিশ্বজুড়ে তিনি সম্মানিত ও সমাদৃত।

টি-২০ বিশ্বকাপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, উগান্ডা ও পাপুয়া নিউগিনির সঙ্গে গ্রুপ ‘সি’তে আছে আফগানিস্তান। গ্রুপ পর্বে তাদের সব কটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজে। স্বাভাবিকভাবেই ত্রিনিদাদের ব্রাভোর অভিজ্ঞতা তাদের কাজে দেবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!