ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

ঘরের মাঠে শক্তির পরীক্ষা নেবে ক্যারিবীয়রা

আশরাফুল ইসলাম আকাশ
প্রকাশিত: ১৫:৫৫, ১৯ মে ২০২৪
ঘরের মাঠে শক্তির পরীক্ষা নেবে ক্যারিবীয়রা
কোলাজ- ডেইলি বাংলাদেশ

ক’দিন পরেই মাঠে গড়াবে আইসিসি টি-২০ বিশ্বকাপের নবম আসর। এবারের আসরের আয়োজক যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। দুই দেশের ৯ ভেন্যুতে আগামী ২ জুন থেকে শুরু হবে কুড়ি ওভারের বিশ্বযজ্ঞ।

আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ২০ দল। যেখানে সেরা আট দল বিশ্বকাপ নিশ্চিত করেছিল আগেই। এর সঙ্গে অটোমেটিক চয়েজে বিশ্বকাপের টিকিট পায় সেরা র‌্যাংকিংয়ে অবস্থান করা দুদল এবং আয়োজকরা। বাকি ৮ দলকে বিশ্বকাপের টিকিট পেতে আঞ্চলিক পর্যায়ে লড়াই করতে হয়েছে। সেই ধারাবাহিকতায় আফ্রিকা, ইউরোপা, এশিয়া থেকে দুটি করে দল সুযোগ পেয়েছে। সেইসঙ্গে আমেরিকা এবং ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে একটি করে দল বিশ্বকাপে খেলবে।

আগামী ২৯ জুন ফাইনালের মধ্যে দিয়ে ৩০ দিনব্যাপী ৫৫ ম্যাচের এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

Advertisement

এবারের টি-২০ বিশ্বকাপ মাঠে গড়াবে গ্রুপ পদ্ধতিতে। যেখান থেকে সেরা দুই দল জায়গা করে নিবে সুপার এইটে। এই স্টেজেও দুটি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ২ দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। 

বৈশ্বিক আসরকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ১৯টি দল। বাকি রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। জানা গেছে, শিগগিরই তারাও স্কোয়াড ঘোষণা করবে। কুড়ি ওভারের এই টুর্নামেন্টে কোন দলের স্কোয়াডে কারা আছেন, তাদের শক্তিমত্তা কেমন সেসব নিয়েই ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য এ আয়োজন।

উইন্ডিজ-যুক্তরাষ্ট্র বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর স্কোয়াড নিয়ে ২০ পর্বের সিরিজ সাজানো হয়েছে। যার প্রথম পর্বে থাকছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড ও দলটির বিভিন্ন তথ্য।

উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েলের (বামে) সঙ্গে আন্দ্রে রাসেল (ডানে)। ছবি- সংগৃহীতযেদিন বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ

আগামী ২ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। আসরের উদ্বোধনী ম্যাচে কানাডাকে চ্যালেঞ্জ জানাবে যুক্তরাষ্ট্র। দিনের অন্য ম্যাচে বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে আসা পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। সেই হিসেবে আর ১৩ দিন পর নামতে হবে তাদের। তারই ধারাবাহিকতায় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিশ্বকাপের সহ-আয়োজকরা।

আসন্ন বিশ্বকাপ দলে আছেন আলোচিত পেসার শামার জোসেফ। অভিজ্ঞদের মধ্যে আছেন সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার এবং আন্দ্রে রাসেলও বিশ্বকাপ দলে আছেন। তবে নেই আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা সুনিল নারিন ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাতিয়ে বেড়ানো কাইল মেয়ার্স।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং উগান্ডা।

আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবে ক্যারিবীয়রা

ভারতে চলছে জমজমাট আইপিএল। যেখানে ক্যারিবীয়দের মধ্যে অংশ নিয়েছেন রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, সিমরন হেটমায়ার, শামার জোসেফ, শাই হোপ ও নিকোলাস পুরানের মতো তারকারা। 

আইপিএলে রাজস্থানের হয়ে খেলছেন সিমরন হেটমায়ার। ছবি- সংগৃহীতরানবন্যার আইপিএলে ব্যাট হাতে ফর্মে আছেন পুরান, রাসেল ও হেটমায়াররা। স্বাভাবিকভাবেই ফর্মটি বিশ্বকাপেও ধরে রাখতে চাইবে ক্যারিবীয়রা তারকারা। কারণ, আইপিএলের পর্দা নামার সপ্তাহখানেক পরেই মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপ।

বিধ্বংসী ব্যাটিং ইউনিট

একে তো স্বাগতিক দল, অন্যদিকে বিধ্বংসী ব্যাটিং ইউনিট। স্বাভাবিকভাবেই আসন্ন টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে দাপট দেখাবে উইন্ডিজ ব্যাটাররা। ক্যারিবীয়দের ব্যাটিং লাইন-আপে রয়েছেন অভিজ্ঞ শাই হোপ, নিকোলাস পুরান, ব্রেন্ডন কিং, সিমরন হেটমায়ার ও জনসন চার্লসের মতো বিধ্বংসী ব্যাটাররা। নিজেদের দিনে তারা কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে সেটা অনেকেরই জানা।

অলরাউন্ডারদের পাল্লা ভারি

এবারের বিশ্বকাপে উইন্ডিজ অলরাউন্ডারদের পাল্লা বেশ ভারি। অধিনায়ক রভম্যান পাওয়েলের সঙ্গে ব্যাট-বল হাতে ছড়ি ঘোরাতে পারেন জেসন হোল্ডার, আন্দ্রে রাসেলরা। একাদশে সুযোগ পাওয়ার বিবেচনা কিছুটা পিছিয়ে থাকবেন শেরফান রাদারফোর্ড। তবে বোলিংয়ে দায়িত্ব সামলানোর পাশাপাশি কার্যকরী ব্যাটিং করতে পারেন রোমারিও শেফার্ড।

গতির ঝড় তুলবে স্বাগতিকরা

বিশ্বকাপে তুরুপের তাস হতে পারেন শামার জোসেফ। ছবি- সংগৃহীতঅস্ট্রেলিয়ার গ্যাবায় বল হাতে ঝড় তুলে আলোচনায় এসেছিলেন শামার জোসেফ। তাকে অবশ্য নিরাশ করেনি উইন্ডিজ ক্রিকেট বোর্ড। তরুণ তুর্কি হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। তার সঙ্গে বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের মনে কাঁপন ধরাবেন আলজেরি জোসেফ। এছাড়া ঘূর্ণি দেখাবেন অভিজ্ঞ রস্টন চেজ, গুদাকেশ মোতি ও আকিল হোসেনরা।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড-

রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজেরি জোসেফ, জনসন চার্লস, রস্টন চেজ, সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

বিশ্বকাপে উইন্ডিজের গ্রুপ পর্বের সময়সূচি-

তারিখ প্রতিপক্ষ ভেন্যু
২ জুন, ২০২৪ পাপুয়া নিউ গিনি গায়ানা
৯ জুন, ২০২৪ উগান্ডা গায়ানা
১৩ জুন, ২০২৪ নিউজিল্যান্ড ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১৮ জুন, ২০২৪ আফগানিস্তান সেন্ট লুসিয়া
ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!