ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

যাদের হাতে বিশ্বকাপ শিরোপা দেখছেন উইন্ডিজ কিংবদন্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৬, ১৮ মে ২০২৪
যাদের হাতে বিশ্বকাপ শিরোপা দেখছেন উইন্ডিজ কিংবদন্তি
ছবি- সংগৃহীত

আগামী ১ জুন থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। জমজমাট এই টুর্নামেন্টের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। কুড়ি ওভারের বৈশ্বিক এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন বাছাই করেছেন উইন্ডিজের কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস।

শুক্রবার যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অ্যামব্রোস। সেখানেই বিশ্বকাপের নবম আসরের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে নিজের উত্তরসূরিদের উজ্জ্বল সম্ভাবনার কথা বলেন আইসিসির এই হল অব ফেমার।

ক্যারিবীয়ান কিংবদন্তি বলেন, ‘আমাদের খুবই ভালো একটা দল আছে। যখন আমরা এখানে কথা বলছি, তারা (ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা) অ্যান্টিগায় ক্যাম্পে রয়েছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছে। ’

Advertisement

তিনি আরো বলেন, ‘আমার বিশ্বাস, ছেলেরা ধারাবাহিক ও স্মার্ট ক্রিকেট খেলা শুরু করলে আমরা ট্রফি জিততে পারব। এটা (বিশ্বকাপ জেতা) সহজ হবে না। তবে আমরা দুই দেশের মধ্যে একটি, যারা দুইবার শিরোপাটি জিতেছি। তাই আমরা এটাকে তিন বানানোর চেষ্টা করব। আর ঘরের মাঠে কোনো দল এই শিরোপা জিততে পারেনি। তাই ছেলেদের ভালো করার জন্য এসব অনুপ্রেরণা জোগাবে এবং আশা করি, তারা পারবে।’

এরপরই অবশ্য ক্যারিবিয়ান এ ক্রিকেট গ্রেট বলেন, ‘যদিও কাজটা সহজ হবে না। কারণ টি-২০ ক্রিকেটে প্রতিটি দলেরই অন্য যেকোনো দলকে হারানোর সমান সুযোগ থাকে। এটাই টি-২০ ক্রিকেটের ধরন। রোমাঞ্চকর এক টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমি ওয়েস্ট ইন্ডিজকেই সমর্থন করব।’

প্রসঙ্গত, এবারের আসরে আসরে ‘সি’ গ্রুপ থেকে অংশ নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে বাকি প্রতিযোগিরা হলো- নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউ গিনি ও উগান্ডা। আগামী ২ জুন পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে ক্যারিবিয়ানরা।

সর্বশেষ টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব অতিক্রম করতে পারেনি উইন্ডিজ। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের সীমিত এই টুর্নামেন্টে দুইবার বিশ্বকাপ জিতেছে তারা। এখন দেখার বিষয়, স্বাগতিক হিসেবে কতটা দাপুটে ক্রিকেট খেলতে পারে তারা। কিংবা অ্যামব্রোসের ভবিষ্যদ্বাণীই কতটুকু সত্যি হয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!