ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলি বললেন, ‘অনেকে হতাশ হয়েছে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৫, ১১ এপ্রিল ২০২৪
কোহলি বললেন, ‘অনেকে হতাশ হয়েছে’
ছবি- সংগৃহীত

আইপিএলের মঞ্চে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের রেষারেষির ঘটনা পুরোনো। এই দুই তারকার দলের খেলা দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। মাঠের পারফরম্যান্স তো বটেই, তাদের মধ্যে দ্বন্দ্বও উপভোগ করেন দর্শকরা। তবে এবারের আসরে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন তারা দুজন।

মাঠের ক্রিকেটকে বিদায় বললেও ক্রিকেটের খুব কাছাকাছি আছেন গম্ভীর। এখন তিনি আইপিএলে কলকাতার মেন্টর হিসেবে কাজ করছেন। এর আগের মৌসুমে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। আর সেই আসরেই কোহলির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন ভারতের সাবেক এই ক্রিকেটার।

গত আসরে দ্বিতীয় লেগের দেখায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় পায় লখনৌ। সেই ম্যাচশেষে তর্কে জড়িয়ে পড়েন গৌতম গম্ভীর ও বিরাট কোহলি।

Advertisement

গম্ভীর ছাড়াও লখনৌ’র বোলার নাভিন উল হকের সঙ্গেও কোহলি উত্তপ্ত বাক্য বিনিময় করেন। সেই ঝামেলা খুব বেশিদূর টেনে নেননি তারা। নাভিনের সঙ্গে অনেক আগেই মিত্রতা করে ফেলেছেন কোহলি। 

এবার শত্রুতা ভুলে আলিঙ্গন করে নেন গম্ভীরকেও। চলমান আসরে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচশেষে কোহলিকে জড়িয়ে ধরেন তিনি। সেই দৃশ্য ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। তবে তা অনেককেই হতাশ করেছে বলে মনে করেন কোহলি।

সম্প্রতি এক অনুষ্ঠানে কোহলি বলেন, ‘আমার কারণে লোকে বেশ আশাহত হয়েছে। আমি নাভিনের সঙ্গে আলিঙ্গন করি, সেদিন গৌতি (গম্ভীর) ভাই এসে আমাকে জড়িয়ে ধরল। মানে তোমাদের মসলা শেষ হয়ে গেছে দেখে তোমরা দুয়ো দিচ্ছ। আমরা বাচ্চা নাকি রে ভাই।’

প্রসঙ্গত, গম্ভীরের সঙ্গে এর আগেও একবার ঝগড়া বাঁধে কোহলির। ২০১৩ সালে কোহলির দিকে গম্ভীরের তেড়েফুঁড়ে আসার সেই দৃশ্য এখনো চোখে ভাসে অনেকের। তবে কোহলি ইঙ্গিত দিলেন, সেসব এখন অতীত।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!