ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঘুরে দাঁড়িয়ে কোস্টারিকাকে শক্তির পার্থক্য বোঝাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮, ২৭ মার্চ ২০২৪
ঘুরে দাঁড়িয়ে কোস্টারিকাকে শক্তির পার্থক্য বোঝাল আর্জেন্টিনা
ছবি- সংগৃহীত

জয়রথ ছুটছে আর্জেন্টিনার। এবার কোস্টারিকাকে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটির প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল আলবিসেলেস্তেরা। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নিজেদের শক্তির পার্থক্য বোঝাল লিওনেল স্কালোনির শিষ্যরা।

বুধবার ক্যালিফোর্নিয়ার ইউনাইটেড এয়ারলাইন্স ফিল্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কোস্টারিকা। ম্যাচটিতে ৩-১ গোলে জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার ও লাউতারো মার্টিনেজ। কোস্টারিকার হয়ে একমাত্র গোলটি করেছেন ম্যানফ্রেড উগালদে।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণের পসরা সাজিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। উল্টো ম্যাচের ৩৪তম মিনিটে কোস্টারিকার ম্যানফ্রেড উগালদের গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আকাশী-সাদারা। তবে বিরতি থেকে ফিরেই চিরচেনা ছন্দে ফেরে আর্জেন্টিনা।

Advertisement

কোস্টারিকার বিপক্ষে গোল করেন ম্যাক অ্যালিস্টার। ছবি- গোল ডটকমম্যাচের ৫২তম মিনিটে ডি-বক্সের কিছুটা বাইরে ম্যাক অ্যালিস্টারকে ফাউল করে কোস্টারিকার ফুটবলার। সেখান থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেই ফ্রি কিক থেকেই চোখ ধাঁধানো এক গোল করেন ডি মারিয়া। 

এর মিনিট চারেক পরেই দারুণ এক হেডে গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে প্রথমবারের মতো লিড এনে দেন ম্যাক অ্যালিস্টার। এরপরেও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। 

ম্যাচের ৭৭তম মিনিটে ডান দিক থেকে আক্রমণে ওঠে আর্জেন্টিনা। পরে ডি পলের ডিফেন্স চেরা পাস ধরে কোস্টারিকার জালে বল জড়ান লাউতারো মার্টিনেজ। বদলি হিসেবে নেমে গোল করেন এই আর্জেন্টাইন। এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!