শনিবার ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। যেখানে ইংলিশদের ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। দলের হয়ে একমাত্র গোল করেছেন বিস্ময়বালক খ্যাত এন্দ্রিক।
ব্রাজিলের জার্সিতে নিজের প্রথম গোলেই ইতিহাসে জায়গা করে নিয়েছেন এন্দ্রিক। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন তিনি।
.png)
ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন এন্দ্রিক। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করে আবেগাপ্লুত এন্দ্রিক বলেন, ‘এখানে আমার পরিবার, বান্ধবী ও এজেন্ট আছেন। আমি বেশি চিৎকার করিনি। আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করেছিলাম।’
গতকাল ম্যাচের শুরুর একাদশে ছিলেন না এন্দ্রিক। ম্যাচের ৭১তম মিনিটে রদ্রিগোর বদলি হিসেবে তাকে মাঠে নামান কোচ ডরিভাল। মাঠে নামানোর ৯ মিনিট পরই ইতিহাসগড়া গোলটি করেন ১৭ বছরের এই ফুটবলার।
ম্যাচের শেষ দিকে গোল করার আরো একটি দারুণ সুযোগ পেয়েছিলেন এন্দ্রিক। তবে ইংলিশ গোলরক্ষক পিকফোর্ডকে পরাস্ত করতে পারেননি তিনি। তার ভাষ্য, ‘শেষের দিকে এটি আমাকে কিছুটা প্রভাবিত করেছিল, আমার সুযোগ ছিল (গোল করার)। আমি মিথ্যে বলব না। আমি শুধু গোল করার কথা ভাবছিলাম। শুধু এটা নিয়ে চিন্তা করার কারণে ম্যাচ নিয়ে আর ভাবতে পারিনি।’