[ খেলা ]
লজ্জার রেকর্ড গড়ে মাথা নিচু করে মাঠ ছাড়লেন হেড
ফাইল ছবি
বিশ্বকাপ ফাইনালে একাই রোহিত শর্মাদের জয়ের আশা শেষ করে দিয়েছিলেন ট্রাভিস হেড। প্যাট কামিন্সের দলের সেই নায়ককে মাথা নিচু করে মাঠ ছাড়তে হল ব্রিসবেনে। উইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দু’ইনিংসেই শূন্য রানে আউট হলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ২১৬ রান। লক্ষ্য বড় না হলেও দলকে ভরসা দিতে পারেননি হেড। দ্বিতীয় ইনিংসেও তিনি শূন্য রানে আউট হন। শামার জোসেফের প্রথম বলেই বোল্ড হয়ে যান এ ব্যাটার।
প্রথম ইনিংসে হেডকে প্রথম বলে আউট করেছিলেন কেমার রোচ। অর্থাৎ ব্রিসবেন টেস্টের দু’ইনিংসেই ‘গোল্ডেন ডাক’ করলেন হেড। অস্ট্রেলিয়ার তৃতীয় ক্রিকেটার হিসাবে ‘কিং পেয়ার’ (এক টেস্টের দুই ইনিংসেই গোল্ডেন ডাক বা প্রথম বলেই শূন্য রানে আউট) করলেন তিনি।
২০০১ সালের ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসাবে ‘কিং পেয়ার’ করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। ২০১০ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে একই লজ্জার রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিস। নতুন সংযোজিত হেড বিশ্বের ২৪তম ক্রিকেটার হিসেবে টেস্টে এই রেকর্ড গড়লেন।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!