ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার বর্ণবাদের শিকার ফরাসি গোলরক্ষক, নিষিদ্ধ ৪ সমর্থক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪২, ২৫ জানুয়ারি ২০২৪
এবার বর্ণবাদের শিকার ফরাসি গোলরক্ষক, নিষিদ্ধ ৪ সমর্থক
ছবি- সংগৃহীত

ফুটবলের মাঠে বর্ণবাদের ঘটনা নতুন কিছু নয়। প্রতিপক্ষের ফুটবলার এবং দর্শকদের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন অনেক ফুটবলার। গত বছর বর্ণবাদের শিকার হয়েছিলেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। বিষয়টি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছিল। এবার সে তালিকায় যুক্ত হলেন এসি মিলানের গোলরক্ষক মাইক ম্যাগনান।

গত শনিবার (২০ জানুয়ারি) সিরি আ’র ম্যাচে মুখোমুখি হয় উদিনেজে ও এসি মিলান। ম্যাচটিতে দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হন মিলানের গোলরক্ষক মাইক ম্যাগনান। যার কারণে উদিনেজের চার সমর্থককে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এদিন উদিনেজের বিপক্ষে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান। মিলান প্রথম গোল করার পর দর্শকরা ক্ষুব্ধ হয়ে তাদের ফরাসি গোলরক্ষক ম্যাগনানের উদ্দেশ্যে বর্ণাবাদী মন্তব্য করতে থাকে। মিলানের  গোলরক্ষককে ‘বানর’ বলে সম্বোধন করে তারা।

Advertisement

ঐ বাজে আচরণ মেনে নিতে না পেরে ম্যাচ অফিসিয়াল ও সতীর্থদের বলে মাঠ ছাড়েন ম্যাগনান। মিলানের অন্য খেলোয়াড়রাও তার সঙ্গে ছেড়ে যায় মাঠ। যদিও ১০ মিনিট পর আবারো শুরু হয় খেলা। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-২ গোলে জেতে এসি মিলান।

ম্যাচের পর ইতালিয়ান পুলিশ খুঁজে বের করে কারা বর্ণাবাদী মন্তব্য করেছেন। বুধবার ইতালিয়ান পুলিশ জানায়, তারা চার জনকে সনাক্ত করেছে। সে চার জনকে স্টেডিয়াম থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ফুটবল ম্যাচে বর্ণবাদী আচরণের জন্য প্রথমবার অপরাধীদের সর্বোচ্চ পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয়া যায়। এর আগে উদিনেজে সোমবার (২২ জানুয়ারি) জানিয়েছে, তারা তাদের এক সমর্থককে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে। এছাড়াও ইতালিয়ান ফুটবল ফেডারেশন উদিনেজেকে নিজেদের মাঠে এক ম্যাচ দর্শকশূন্য গ্যালারিতে খেলার নির্দেশনাও দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!