তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল স্বাগতিক ভারত। যেখানে সফরকারীদের দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে রোহিত শর্মার দল। এতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া।
এদিন শুধু কোহলিই নয়, দলের হয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রোহিত শর্মা। প্রথম খেলোয়াড় হিসাবে আন্তর্জাতিক টি-২০তে দেড়শ ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন তিনি। কিন্তু মাইলফলক ছোঁয়া ম্যাচে গোল্ডেন ডাক হয়েছেন ভারত দলপতি। ফজল-হক-ফারুকীর বলে হয়েছেন সরাসরি বোল্ড।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা একেবারে খারাপ ছিল না আফগানিস্তানের। ৫ ওভারে ১ উইকেটে দলীয় স্কোর পঞ্চাশ পেরোয়। তারা একশ ছুঁয়েছে ১৩.২ ওভারে। যদিও তখন রানের গতি কিছুটা কমে গিয়েছিল। কিন্তু শেষ দিকের ঝড়ে পৌনে দুইশ ছুঁই ছুঁই ১৭২ রান হয় আফগানদের স্কোর।
.png)
ভারতের হয়ে ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন আর্শ্বদ্বীপ সিং। এছাড়া দুটি করে শিকার রবি বিস্ময় এবং অক্ষর প্যাটেলের।
আফগানদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম এবং নিজের প্রথম বলে আউট হয়ে যান রোহিত শর্মা। ক্যাচ দিয়েছিলেন যশ্বসী জসওয়ালও। তবে নিজের বলে ফিরতি ক্যাচটা নিতে পারেননি ফারুকী। ১৩ রানে পাওয়া জীবনটা কাজে লাগিয়ে ৬৮ রানের সাইক্লোন ইনিংস খেলেছেন জসওয়াল। ৩৪ বলে ৬টি ছক্কা এবং ৫টি চারে বিস্ফোরক হাফসেঞ্চুরিটি করেছেন তিনি।
ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শিভম দুবেও। ৩২ বলে ৪টি ছক্কা এবং ৫টি চারে ৬৩ রানের টর্নেডো ইনিংস খেলেছেন এ বাঁ-হাতি। জসওয়াল ও দুবের ব্যাটের ঝড়ে সহজে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে আগামী ১৭ জানুয়ারি মুখোমুখি হবে দুদল।