নতুন অধিনায়কের নাম ঘোষণা করল অস্ট্রেলিয়া
সর্বশেষ অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক ছিলেন অজি ক্রিকেট কিংবদন্তি মেগ ল্যানিং। গতমাসের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ক্রিকেট থেকে ল্যানিং চলে যাওয়ায় পরবর্তী অজি নারী দলের অধিনায়ক কে হবেন? তা নিয়ে আলোচনা হলেও অ্যালিসা হিলিকেই বেছে নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে বড় এক নামই হয়ে উঠেছিলেন অ্যালিসা হিলি। স্বামী মিচেল স্টার্ক ক্রিকেট বিশ্বেরই বর্তমান সময়ের সেরা বোলারদের একজন। তার চাচা ইয়ান হিলিও ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেটরক্ষক।
সাবেক অধিনায়ক মেগ ল্যানিং অবসরে অস্ট্রেলিয়া ক্রিকেটের একটি অধ্যায়ের পরিসমাপ্তি হয়েছে। তিনি অস্ট্রেলিয়ার জার্সি পরে ২৪১ টি ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন ৫ বিশ্বকাপ।
৩৩ বছরের অ্যালিসার এই দায়িত্ব গ্রহণকে তাই একটি নতুন একটি যুগের শুরু হিসেবেই দেখছে ক্রিকেট সংশ্লিষ্টরা। ২৫৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন অ্যালিসা গত দুই বছর ধরেই মেগ ল্যানিংয়ের অনুপস্থিতিতে বিভিন্ন সময় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২৫৫ ম্যাচে ৫ হাজার ৬৬৮ রান করা অ্যালিসার অধিনায়কত্বের যাত্রা শুরু হবে ডিসেম্বরেই। ২১ তারিখ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টেস্ট খেলবে তার দল।