ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩

ফিলিপসের ফিফটিতে এগোচ্ছে কিউইরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০০, ৮ ডিসেম্বর ২০২৩
ফিলিপসের ফিফটিতে এগোচ্ছে কিউইরা
ছবি- সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বর্তমানে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ব্যাট করছে কিউইরা। যেখানে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধ শতক হাঁকিয়েছেন কিউই ব্যাটার গ্লেন ফিলিপস। তার ফিফটিতে ভর দিয়েই এগোচ্ছে সফরকারীরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১১৫ রান।  ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৭২ রানেই গুটিয়ে যায় টিম টাইগার্স।

শুক্রবার মিরপুরে তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ১৫ মিনিটে। কিন্তু ভেজা মাঠে সেটি সম্ভব হয়নি। সকাল ১১টায় দুই আম্পায়ার রড টাকার ও পল রাইফেল মাঠ পর্যবেক্ষণ করেন। তাদের পর্যবেক্ষণের পর দুপুর ১২টায় খেলা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। আম্পায়ারদের সিদ্ধান্ত অনুযায়ী মাঠে নেমেছে দুই দল।

Advertisement

এদিন টাইগারদের চেয়ে ১১৭ রানে পিছিয়ে থেকে উইকেটে আসেন দুই কিউই ব্যাটার ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। উইকেটে এসেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা। ফিলিপস নিজের পরিকল্পনায় সফল হলেও নাঈম হাসানের ঘূর্ণিতে কাটা পড়েন মিচেল। আউট হওয়ার আগে ১৮ করেন তিনি। 

তার বিদায়ে ভেঙে যায় মিচেল-ফিলিপসের ৪৯ রানের জুটি। এরপর ক্রিজে আসেন মিচেল স্যান্টনার। তবে থিতু হওয়ার আগেই নাঈমের বলে সোহানের তালুবন্দী হন এ ব্যাটার।

এখন কাইল জেমিসনকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ফিলিপস। জেমিসন ৭ ও ফিলিপস ৫৫ রানে ব্যাটিং করছেন।

এর আগে বৃহস্পতিবার পুরো দিন কেড়ে নেয় বৃষ্টি। তাই একটি বলও হয়নি। স্পিনারদের দাপটে প্রথম দিনে ১৫ উইকেট পড়ে এই ম্যাচ ফলাফল দ্রুত আসার পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশ ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পর ৫ উইকেটে ৫৫ রান তুলে প্রথম দিন পার করে সফরকারী নিউজিল্যান্ড।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!