এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৯৫ রান। ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৭২ রানেই গুটিয়ে যায় টিম টাইগার্স।
শুক্রবার মিরপুরে তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ১৫ মিনিটে। কিন্তু ভেজা মাঠে সেটি সম্ভব হয়নি। সকাল ১১টায় দুই আম্পায়ার রড টাকার ও পল রাইফেল মাঠ পর্যবেক্ষণ করেন। তাদের পর্যবেক্ষণের পর দুপুর ১২টায় খেলা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। আম্পায়ারদের সিদ্ধান্ত অনুযায়ী মাঠে নেমেছে দুই দল।
.png)
এদিন টাইগারদের চেয়ে ১১৭ রানে পিছিয়ে থেকে উইকেটে আসেন দুই কিউই ব্যাটার ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। উইকেটে এসেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা। ফিলিপস নিজের পরিকল্পনায় সফল হলেও নাঈম হাসানের ঘূর্ণিতে কাটা পড়েন মিচেল।
তার বিদায়ে ভেঙে যায় মিচেল-ফিলিপসের ৪৯ রানের জুটি। আউট হওয়ার আগে ১৮ করেন তিনি। এখন কাইল জেমিসনকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ফিলিপস।
এর আগে বৃহস্পতিবার পুরো দিন কেড়ে নেয় বৃষ্টি। তাই একটি বলও হয়নি। স্পিনারদের দাপটে প্রথম দিনে ১৫ উইকেট পড়ে এই ম্যাচ ফলাফল দ্রুত আসার পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশ ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পর ৫ উইকেটে ৫৫ রান তুলে প্রথম দিন পার করে সফরকারী নিউজিল্যান্ড।