এর আগে যে তিনবার ভারত বিশ্বকাপে ফাইনাল খেলেছে। তার মধ্যে দুইবার টস হেরেছিল দলটি। সেই দুবারই বিশ্বচ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। একবার টস জিতেছিলেন ভারত অধিনায়ক, সেবার ফাইনালে হারতে হয় তাদের। এখানেই শেষ নয়, সবমিলিয়ে শেষ ৬ বিশ্বকাপে যারা টস হেরেছে তারাই জিতেছে পাঁচবার।
ভারত প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় ১৯৮৩ সালে। সেবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস হারে ভারত। ক্যারীবিয়ান অধিনায়ক স্যার ক্লাইভ লয়েড টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। ম্যাচের ফলাফল, ভারতের জয়।
.png)
এরপর ভারত ফাইনালে ওঠে দীর্ঘ ২০ বছর পর; ২০০৩ সালে। সেবার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। দুর্ভাগ্যবশত সেবার এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই ১২৫ রানে হারতে হয় টিম ইন্ডিয়াকে।
২০১১ বিশ্বকাপে আবারো ফাইনালে ওঠে ভারত। সেবার ওয়াংখেড়েতে দুই অধিনায়কের ভুল বোঝাবুঝির জন্য টস হয় দুবার। দুইবারই টসে জেতে শ্রীলংকা। ফলাফল ধোনির নেতৃত্ব দ্বিতীয়বার বিশ্বজয় টিম ইন্ডিয়ার।
একযুগ পরে ২০২৩ বিশ্বকাপের ফাইনালেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টস। এবারও টস হেরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জিতেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এবারও কি তাহলে ১৯৮৩ এবং ২০১১ সালের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে?