ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিমের পর এবার কথা বলবেন সাকিব 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০২৩
তামিমের পর এবার কথা বলবেন সাকিব 
ছবি: সংগৃহীত

ভারতে বসছে এবারের আইসিসি বিশ্বকাপ আসর। এতে অংশ নিতে বুধবারই নয়াদিল্লির উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে বিশ্বকাপ দলে না থাকা তামিম ইকবাল নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে তাকে দলে না রাখাসহ নানা বিষয় নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন। এবার ঐ ভিডিওতে উল্লেখ করা নানা বিষয়ের ব্যাখ্যা দেবেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

দেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন সাকিব। যা প্রচার করা হবে আজ রাত ১১টায়।  এরই মধ্যে সংক্ষিপ্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

সাকিব সেখানে বলবেন- তামিমের বিশ্বকাপ স্কোয়াডে না থাকা, মিডল অর্ডারে ব্যাট করতে বলা, দৃশ্যের বাইরে থেকে রিয়াদের হঠাৎ মঞ্চে প্রবেশ, বাংলাদেশ দলে এমন কী চলছে বিশ্বকাপের আগে অধিনায়কত্বই ছাড়তে চেয়েছিলেন সাকিব, বোর্ড সভাপতির সব বিষয়ে উপস্থিতি, হাথুরুর কড়া মাস্টারি, কেমন আছে টিম-টাইগার্স, কেমন আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল? সবকিছুই!

Advertisement

 এদিকে শেষ পর্যন্ত তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে টাইগার বাহিনী। পেছনে পড়ে রইল নানা বিতর্ক। হয়ত তীর্যক প্রশ্ন এড়াতেই বিশ্বকাপগামী দলের কোনো অফিসিয়াল প্রেসমিট হলো না এবার।

দেশ ছাড়ার আগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে বলেন, ‘এক্সাইটিং একটা ক্রিকেট টিম। আমাদের অভিজ্ঞতা আছে, তারুণ্য আছে। একটা কথা সিনিয়র খেলোয়াড়েরাই বলছিল, এখন না পারলে কখন! আমিও মনে করি, এখন না পারলে কখন। এটাই আমাদের হাই টাইম।’

এ সময় তিনি দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, ‘বাংলাদেশ যখন খেলে, সারা দেশ খেলে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকেন। অনেকে নামাজ পড়েন, দোয়া করেন। সেটাই থাকুক। আমাদের প্রতি বিশ্বাসটা থাকুক। অনেকে বলবে, অনেক ছোট ছেলে যাচ্ছে, ইয়াং নেম। কিন্তু এদের ভালো করার সামর্থ্য আছে বলেই নির্বাচকেরা ওদের নিয়েছে। আমাদেরকে বিশ্বাস করতে হবে, যে ১৫ জনকে নেওয়া হয়েছে এরাই সেরা দল। এটাই মানতে হবে। আস্থা রাখতে হবে। দেশবাসীকে এটাই বলব।’

২৯ সেপ্টেম্বর (শুক্রবার) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা দল মুখোমুখি হবে বাংলাদেশ দল। ওই ম্যাচের আগে শুধুমাত্র একটি দিন হাতে পাবে টাইগার ক্রিকেটাররা। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।

আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ মাঠে গড়াবে। উদ্বোধনী দিনে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দল দুটি ২০১৯ বিশ্বকাপের ফাইনালিস্ট। আর আগামী ১৯ নভেম্বর শিরোপার লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে ত্রয়োদশ আসরের। 

বাংলাদেশ তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর যথাক্রমে ১০ অক্টোবর ইংল্যান্ড, ১৩ অক্টোবর নিউজিল্যান্ড, ১৯ অক্টোবর ভারত, ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ২৮ অক্টোবর নেদারল্যান্ডস, ৩১ অক্টোবর পাকিস্তান, ৬ নভেম্বর শ্রীলংকা ও ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো খেলবে। 

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড- 

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ,মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!