রোববার (১৭ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। ব্যাটিংয়ে নেমেই ভারতীয় দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের তোপের মুখে পড়েন লঙ্কানরা।
ম্যাচে মাত্র ৫০ রানে অল আউট হয়ে ১০ উইকেটের করুণ পরাজয় বরণ করেছে শ্রীলংকা। এদিন প্রথম ওভারেই কুশল পেরেরাকে ফিরিয়ে শুরুটা করেন বুমরাহ। তারপরের গল্পটা শুধুই সিরাজের। ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে এসে সে ওভারেই তুলে নেন ৪ উইকেট।
.png)
দলীয় চতুর্থ ওভারের প্রথম বলে পাথুম নিশাঙ্কাকে দিয়ে শিকার শুরু করেন সিরাজ। এরপর তৃতীয় ও চতুর্থ বলে ফেরান সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালঙ্কাকে। পঞ্চম বলটা ঠেকিয়ে সিরাজকে হ্যাটট্রিক বঞ্চিত করলেও ওভারের শেষ বলে ধনঞ্জয় ডি সিলভাও আউট হয়ে যান।
পরের ওভারে এসে দাসুন শানাকাকে ফিরিয়ে পাঁচ উইকেট শিকার করেন সিরাজ। শানাকাকে বোল্ড করে তার উদযাপনটা ছিল দেখার মতো। ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত 'সিউউ' উদযাপন করেন তিনি।
খেলার জগতে রোনালদোর আইকনিক উদযাপনটা অবশ্য বিভিন্ন সময়ে অনেকেই করে থাকেন। এবার তাদের খাতায় নাম লেখালেন সিরাজও। রোনালদোর পাঁড় ভক্ত সিরাজ এর আগেও বিভিন্ন সময়ে রোনালদোর মতো উদযাপন করেছেন।