ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্যর্থতার দায় যাদের ওপর চাপালেন জাভি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫২, ১৪ আগস্ট ২০২৩
ব্যর্থতার দায় যাদের ওপর চাপালেন জাভি
ছবি- সংগৃহীত

লা লিগার নতুন মৌসুম দুঃস্বপ্নের মতো শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। লিগে নিজেদের প্রথম ম্যাচেই দু’টি লাল কার্ড দেখেছে কাতালুনিয়ারা। একই সঙ্গে গেটাফের সঙ্গে ড্র করে দুই পয়েন্ট হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

সোমবার গেটাফের কলিজিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয় বার্সেলোনা। যেখানে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ড্র হওয়া ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দু’দল।

এদিন ম্যাচের প্রথমার্ধে রাফিনিহা লাল কার্ড দেখলে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় বার্সাকে। এরপর ডাগআউট থেকে লাল কার্ড দেখেছেন কোচ জাভি হার্নান্দেজও। অবশ্য দ্বিতীয়ার্ধে গেটাফেও খেলেছেন দশজন নিয়ে। লাল কার্ড দেখেছেন দলটির হাইমে মাতা।

Advertisement

এদিকে ম্যাচ জিততে না পারার কারণ হিসেবে রেফারিদের পক্ষপাতিত্বকে দায় দিয়েছেন বার্সা কোচ। ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে জাভি বলেন, ‘রেফারিই সবকিছু এতটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে...।’

নিজের লাল কার্ডের কথা উল্লেখ করে বার্সেলোনা কোচ বলেন, ‘আমি তাকে বললাম যে, আপনি খুব বেশি ফাউল ধরছেন। এ জন্য তিনি আমাকে মাঠ থেকে বের করে দিলেন। আমার লাল কার্ড কোনো ব্যাপার নয়, কঠিন একটি প্রতিপক্ষের সঙ্গে আমরা সবকিছুই চেষ্টা করেছি। কিন্তু মাত্র এক পয়েন্ট পেয়েছি, যা যথেষ্ট নয়। খুবই হতাশার এটি।’

বার্সা কোচ আরো বলেন, ‘এজন্যই মানুষ আমাদের খেলা দেখতে চায় না। এটাকে কোনমতেই একটি ম্যাচ বলা যায় না। খেলাগুলোকে যদি লিগের পণ্য ধরি, আর লা লিগা যদি এসব বিক্রি করে, তাহলে এটা সাধারণ কোনো বিষয় নয়। মানুষ কেনো এমন ম্যাচ দেখবে। এটা লিগের জন্য লজ্জার।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!