চলতি মৌসুমে নতুন আসা খেলোয়াড়দের এখনো রেজিষ্ট্রার করতে পারেনি বার্সেলোনা। এক বছর আগে ক্লাবের বিভিন্ন আর্থিক ক্ষতি সত্ত্বেও রবার্ট লেভানদোভস্কিকে দলে ভিড়িয়ে হইচই ফেলে দিয়েছিল কাতালান ক্লাবটি।
সাম্প্রতিক ট্রান্সফার পলিসিতে ফ্রি এজেন্টে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ী অধিনায়ক ইকাই গুনডোগানকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। লিওনেল মেসিকেও দলে ফেরানোর পরিকল্পনা করেছিল তারা। যদিও শেষ পর্যন্ত তা সফল হয়নি।
.png)
সেন্টার-ব্যাক ইনিগো মার্টিনেজ অ্যাথলেটিক বিলবাও থেকে বার্সেলোনায় এসেছেন। অন্যদিকে শৈশবের ক্লাবে ফিরে এসেছেন ওরিয়র রোমেউ। যদিও বুস্কেটসকে হারানোর ক্ষতি পুষিয়ে তোলা নিয়ে শঙ্কা রয়েছে।
দল নিয়ে জাভি বলেছেন, ‘তিনি (বুস্কেটস) আমাদের দলের জন্য মাঠ ও মাঠের বাইরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিলেন। বুস্কেটসের বদলি হিসেবে আমাদের সেই মানেরই একজন খেলোয়াড় খুঁজে নিতে হবে।’
সব মিলিয়ে ভাঙা-গড়ার মাঝে চলতে থাকা বার্সেলোনা নতুন মৌসুমে শিরোপা কতটা ধরে রাখতে পারবে সেটাই দেখার বিষয়।
এদিকে গত মৌসুমের তৃতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ লিগের দ্বিতীয় ভাগে এসে উন্নতি করেছিল। রিয়ালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল মাত্র এক।
এ মৌসুমে সিজার আজপিলিকুয়েতাকে চেলসি থেকে, লিস্টার থেকে কাগলার সুনচু ও সেল্টা ভিগো থেকে লেফট-ব্যাক জাভি গালানকে দলে ভিড়িয়েছে অ্যাথলেটিকো।
২০১৯ সালে রেকর্ড চুক্তিতে দলে আসা হুয়াও ফেলিক্স চেলসিতে ধারে খেলতে গিয়ে ব্যর্থ হবার পর আবারো ফিরে এসেছেন। কিন্তু দিয়েগো সিমিওনের পরিকল্পনায় এবার বাদ পড়তে পারেন তিনি।
লা লিগার চতুর্থ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা রিয়াল সোসিয়েদাদ পর্তুগিজ ফরোয়ার্ড আন্দ্রে সিলভাকে ধারে দলে নিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে।
পঞ্চম স্থানে থাকা ভিয়ারিয়াল নিকোলাস জ্যাকসন ও তোরেসকে প্রিমিয়ার লিগে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এদিকে পাঁচ বছর পর ফের লা লিগায় ফিরেছে লাস পালমাস। প্লে অফ বিজয়ী আলাভেসের সঙ্গে আবারো লা লিগায় ফিরেছে গ্রানাডা।