জানা গেছে, জাতীয় দলের কোচ রবার্তো মানচিনির সঙ্গে ডেলিগেশন প্রধান হিসেবে কাজ করবেন বুফন। মূলত জিয়ানলুকা ভিয়াল্লির মৃত্যুর পর থেকে জাতীয় দলের এই পদটি খালি ছিল।
কোচিং প্যানেলে যুক্ত হয়ে বুফন বলেন, ‘নীল জার্সিটি আমার জীবনের একটি অংশ হয়ে গেছে। রবার্তো মানচিনিকে সবদিক থেকে সহযোগিতা করার চেষ্টা আমার থাকবে। ইতালি দলে শুধুমাত্র পুরস্কারই গণনা করা হয়না। এখানে যে বিনিয়োগ, ত্যাগ ও প্রাপ্যতা রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ।’
.png)
২০০৬ বিশ্বকাপজয়ী গোলরক্ষককে কাছে পেয়ে উচ্ছ্বসিত দেশটির ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এটা ইতালির জন্য একটি অসাধারণ দিন। কারণ, বুফন ঘরে ফিরেছে।’
আগামী সেপ্টেম্বরে ইউরো ২০২৪ বাছাইপর্বে নর্থ মেসিডোনিয়া ও ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে ইতালি। আর সেসময় নতুন কাজ শুরু করবেন বুফন।
প্রসঙ্গত, সিরি আ লিগে সর্বোচ্চ ৬৫৭ ম্যাচ খেলার রেকর্ড ধরে রেখেছেন বুফন। একইসঙ্গে ১৯৯৭-২০১৮ সাল পর্যন্ত ইতালির হয়েও সর্বোচ্চ ১৭৬ ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে খেলেছেন পাঁচটি বিশ্বকাপ। যার মধ্যে ২০০৬ সালে ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত করে ইতালি শিরোপা জিতেছিল।