বিশ্বকাপে অংশ নেয়া ফুটবল দলকে সমর্থন করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পেয়েছেন বাংলাদেশি সমর্থকরা। মূলত বিশ্বকাপ চলার সময় দু’দিনে ৫ হাজার ৩৮২ জন বাংলাদেশি ফুটবলপ্রেমী তাদের প্রিয়দলের জার্সি পরে ছবি আপলোড দেন ‘ওয়ার্ল্ড কাঁপানো ফ্যানস’-এর ওয়েবসাইটে।
রেকর্ড গড়ার জন্য দেশজুড়ে থাকা ফুটবল অনুরাগীরা ফিফা এবং প্রিয় দলের লোগো সংবলিত জার্সি পরে ছবি তুলে ‘ওয়ার্ল্ড কাঁপানো ফ্যানস’ ওয়েবসাইটে আপলোড দেন। যা ১৬ ডিসেম্বর রাত ৯টা থেকে শুরু করে চলে ১৮ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। সেই ছবিগুলো দিয়ে প্ল্যাটফর্মটি তৈরি করে জার্সি পরিহিতদের নিয়ে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ফটো অ্যালবাম। আর তাতেই অ্যালবামটির জায়গা হলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।
.png)
মূলত ফুটবলের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা আর উন্মাদনা আরো একবার বিশ্বদরবারে তুলে ধরতেই এ উদ্যোগ নেয়া হয়েছিল। গিনেস কর্তৃপক্ষের গাইডলাইন অনুসরণ করে এ রেকর্ড গড়ার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েন দেশের অসংখ্য ফুটবলপ্রেমী। যাচাই-বাছাইয়ের পর সম্প্রতি গিনেস কর্তৃপক্ষ বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দিল ওয়ার্ল্ড রেকর্ডের এই স্বীকৃতি।
প্রসঙ্গত, এর আগের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের। যেখানে ৫ হাজার ২৯৭ ব্যক্তি দেশটির ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) বিভিন্ন দলের জার্সি পরে ছবি আপলোড দেন। যা দিয়ে তৈরি হয় অনলাইন ফটো অ্যালবাম।