ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ধোনির গ্যারেজ দেখে অবাক ভারতের সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৯, ১৯ জুলাই ২০২৩
ধোনির গ্যারেজ দেখে অবাক ভারতের সাবেক ক্রিকেটার
ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেট ইতিহাসের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নেতৃত্ব ভার কাঁধে নিয়ে বৈশ্বিক আসরে ভারতকে তিনটি শিরোপা জিতিয়েছেন তিনি। লম্বা সময় ধরে দাপুটে ক্রিকেট খেলে ভক্ত-সমর্থকদের মধ্যমণি হয়ে উঠেছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।

ধোনি শুধু ক্রিকেটেই নয়, বাইকপ্রেমীও বটে। বাড়ির গ্যারেজে অভিজাত ও পুরোনো বিভিন্ন মডেলের বাইক নিজের সংগ্রহে রেখেছেন সাবেক এ ক্রিকেটার। যা দেখে ভারতের সাবেক পেসার বেঙ্কটেশ প্রসাদ রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক নির্বাচক সুনীল যোশিও।

ধোনির বাইকের প্রতি ভালবাসা সকলেরই জানা। রাচীতে থাকতে বাইক নিয়ে মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন ধোনি। কিন্তু তিনি যে এত ধরনের বাইক নিজের বাড়িতে রেখেছেন, তা জানতেন না প্রসাদ। 

Advertisement

সামাজিক মাধ্যমে ধোনির বাইকের সেই ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘একজন মানুষ নিজের ভালবাসার জিনিস নিয়ে এতটা পাগল হতে পারে, সেটা আমার জানা ছিল না। কী দুর্দান্ত সংগ্রহ! ধোনির পক্ষেই সম্ভব। ধোনির রাচীর বাড়িতে এই বাইকগুলো রয়েছে। আমি অবাক হয়ে গিয়েছি।’

প্রসাদ বলেন, ‘এটা প্রথমবার নয়। আমি এর আগেও চারবার এসেছি এখানে। কিন্তু ধোনির এই বাইক রাখার জায়গাটা অবাক করে দেয়। কোনো মানুষ যদি একটি বিষয় নিয়ে পাগল হয়, তা হলেই এটা করা সম্ভব। এটাকে বাইকের শো-রুমও বলা যেতে পারে।’

জানা যায়, ধোনির ৫০টির বেশি বাইক রয়েছে। এর মধ্যে হারলে-ডেভিডসন, কাওয়াসাকি নিনজা, ডুকাটির মতো ব্র্যান্ডের বাইক রয়েছে ভারতের সাবেক অধিনায়কের বাড়িতে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!