ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বিশ্বকাপে যাচ্ছি, ভারতের সঙ্গে খেলতে নয়: বাবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫১, ৭ জুলাই ২০২৩
বিশ্বকাপে যাচ্ছি, ভারতের সঙ্গে খেলতে নয়: বাবর
বাবর আজম। ছবি- সংগৃহীত

ক্রিকেটের বাইশ গজে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন কিছু। তাদের খেলাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট বোর্ড, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও ভক্তরাও মুখিয়ে থাকেন। তবে এবার আসন্ন বিশ্বকাপে ভারত ইস্যুতে খানিকটা বিরক্তিই প্রকাশ করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ এবং পরের মাসেই ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। এ দুই আসরকে ঘিরে কত কিছুই না হয়ে গেল! শুধু ভেন্যু আর তারিখই নয়, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ ঘিরে আগ্রহ, কৌতূহল আর আলোচনার শেষ নেই। এসব দেখে খানিকটা বিরক্ত বাবর আজম। 

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্নে পাকিস্তান অধিনায়ক মনে করিয়ে দিলেন, বিশ্বকাপে আরো ৮টি দলের সঙ্গে খেলতে হবে তার দলকে।

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত থাকা বাবর আজমকেও প্রশ্ন করা হলো বিশ্বকাপের এই ম্যাচ নিয়ে। পাকিস্তান অধিনায়ক বলেন, শুধু ভারতের বিপক্ষে ম্যাচ নিয়েই তারা ভাবছেন না।

তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, শুধু ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছি না। অন্য আরো ৮ দলের সঙ্গে খেলতে হবে, শুধু ভারত নয়। তাদেরকে সবাইকে হারাতে পারলে ফাইনালে পৌঁছতে পারব। আমাদের মনোযোগ কেবল একটি দলকে ঘিরে নয়। টুর্নামেন্টের সব দল নিয়েই আমরা ভাবছি। সবার সঙ্গেও ভালো খেলা ও জয়ের পরিকল্পনা করছি আমরা।’

বাবর বলেন, ‘অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে আমি সব দেশেই রান করতে চাই, দাপট দেখাতে চাই এবং পাকিস্তানের জয় চাই। এসবই আমাদের ভাবনায় আছে, শুধুমাত্র একটি দলের বিপক্ষে খেলব না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!