স্কটল্যান্ডকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডস
শেষ ম্যাচে স্কটল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল নেদারল্যান্ডস। স্কটিশদের দেওয়া ২৭৮ রানের লক্ষ্য তারা টপকে গেছে ৪৩ বল হাতে রেখেই।
বৃহস্পতিবার টস জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডস। ব্রেন্ডন ম্যাকমুলেনের সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রানের পুঁজি দাঁড় করায় স্কটিশরা। ১১০ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৬ রান করেন ম্যাকমুলেন। এছাড়া ৬৪ রান করেন অধিনায়ক রিচি বেরিংটন। ডাচদের হয়ে ৫২ রানে ৫ উইকেট নেন ডি লিড।
জবাবে ৬৫ রানের জুটিতে নেদারল্যান্ডসকে জয়ের ভিত গড়ে দেন বিক্রমজিৎ সিং (৪০) ও ম্যাক্স ও দাউদ (২০)। তবে দলীয় ৭২ রানের মধ্যে ফিরে যান এ দুজন। তবে একপ্রান্ত আগলে রাখেন ডি লিড। প্রথমে জুটি বাঁধেন স্কট এডওয়ার্ডসকে নিয়ে। সেটা অবশ্য ৫৫ রানের বেশি টেকেনি।
তবে সাকিব জুলফিকারকে সঙ্গে নিয়ে আগ্রাসী রূপ ধারণ করেন ডি লিড। ষষ্ঠ উইকেট জুটি থেকে ৬৯ বলে ১১৩ রান পায় নেদারল্যান্ডস। ডি লিড ১২৩ রানে ফিরে গেলেও ততক্ষণে ডাচদের জয় অনেকটাই নিশ্চিত হয়ে। শেষ পর্যন্ত ৪৩ বল হাতে রেখেই লক্ষ্য পাড়ি দেয় দলটি।
বাছাইপর্ব থেকে বিশ্বকাপের টিকিট পাওয়া আরেক দল হলো শ্রীলংকা।