বুধবার চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে আফিফকে খেলানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
তার মতে, আফিফকে ম্যাচ খেলানো জরুরি।
.png)
মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, আফিফের খেলার বিষয়টি নির্ভর করছে টিম ম্যানেজমেন্ট একজন ব্যাটার বেশি নিয়ে খেলবে কিনা তার ওপর।
ওয়ানডে দলে ফেরা নাইম শেখ ও আফিফকে সুযোগ দেওয়ার প্রশ্নে অধিনায়ক বলেন, ‘আমাদের দু’জন (অতিরিক্ত) ব্যাটার আছে। নাঈম নেটে খুব ভালো করেছে। বিশ্বকাপের আগে তাকে কিছু গেম টাইম দিতে পারলে ভালো হয়। আফিফও কিন্তু আছে এবং তাকেও ম্যাচ খেলানো জরুরি।’
তামিম বলেন, ‘আমি মনে করি না, যারা রিজার্ভ বেঞ্চে আছে তাদের সরাসরি বড় টুর্নামেন্টে ম্যাচ খেলা উচিত। তাদের একটা বা দুটো ম্যাচ খেলাতে পারলে খুব ভালো হয়। আমরা আগামীকাল যে একাদশ সাজাবো তা থেকে হয়তো আপনারা ধারণা পাবেন যে, সামনে অতিরিক্ত ব্যাটার নাকি বোলার নিয়ে খেলবো।’