ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২৩

কাল নিজের খেলা প্রসঙ্গে যা জানালেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৮, ৪ জুলাই ২০২৩
কাল নিজের খেলা প্রসঙ্গে যা জানালেন তামিম
তামিম ইকবাল

পুরোনো চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি তামিম ইকবাল। এ সময় কোচিং স্টাফদের নিয়ে নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। মাঝে মাঝে পিঠের চোট বাড়লে বিশ্রামও করেছেন তিনি। তবে এখনো পুরোপুরি ফিট হননি। এবার আফগানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তিনি খেলবেন কিনা, সেটি নিয়ে চলছে নানা আলোচনা।

বুধবার চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এ ম্যাচে চোটের কারণে তামিমকে নিয়ে শঙ্কা তৈরী হয়েছে। তবে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলবেন বলে জানিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি অবশ্যই আগামীকালের ম্যাচের জন্য আছি। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলব না যে শতভাগ। কাল খেলার পর আরো ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমি কাল খেলছি, ইনশাআল্লাহ।’

Advertisement

এদিকে দলের ক্ষতি হোক এমন কিছুই চান না তামিম। সংবাদ সম্মেলনে টাইগার দলপতি বলেন, আমারও দেখতে হবে আমি কতটা মানিয়ে নিতে পারছি বা পারছি না। তবে আমি এ রকম কোনো কাজ করব না, যেটায় দল ভুগবে। কারণ আমি সব সময় বলি, যেকোনো ব্যক্তির চেয়ে দল আগে। আমার এখন মনে হচ্ছে, আমি আগামীকালের জন্য প্রস্তুত।

বাংলাদেশ দল অনুশীলন করেছে আজও। তবে দলের সঙ্গে মাঠে এলেও ব্যাটিং কিংবা ফিল্ডিং কিছুই করেননি তামিম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!