ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিমকে পর্যবেক্ষণে রেখেছেন হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩০, ৪ জুলাই ২০২৩
তামিমকে পর্যবেক্ষণে রেখেছেন হাথুরুসিংহে
তামিম ইকবাল

কোমরে ব্যথার পর অনুশীলনে ফেরা তামিম ইকবালের ইনজুরির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। একই ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম।

পুরোপুরি সুস্থ না হলেও আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেন তামিম।

ইনজুরির কারণে বাংলাদেশের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি তামিম। ভারতে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশের বেশ কিছু ম্যাচ রয়েছে। তার আগে তামিমের ফিটনেস দলের জন্য উদ্বেগের বিষয়।

Advertisement

এ বিষয়ে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘আমি এখানে কারো চিকিৎসার বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না। তবে সে (তামিম) গত দুই দিন ধরে অনুশীলন করছে।’

তিনি আরো বলেন, ‘তামিম এখন পর্যন্ত ভালো আছে। আমরা তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং দেখছি অনুশীলনের পর সে কেমন বোধ করছে।’

হাথুরুসিংহের মতে, তামিম সিরিজ মিস করলেও কোন সমস্যা হবে না। কারণ দলের অন্য খেলোয়াড়রা অধিনায়কত্বের ভূমিকা পালন করতে এবং ওপেনার হিসেবে খেলতে প্রস্তুত আছে।

তিনি বলেন, ‘আমি মনে করি নির্বাচকদের জন্য এটি একটি ভাল প্রশ্ন। হ্যাঁ, আমাদের অনেক ছেলে আছে যারা আগে অধিনায়কত্ব করেছে। সম্প্রতি সাকিব না থাকায় টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছে লিটন। আমাদের বেশ কয়েকজন দলনেতা রয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!