যেভাবে দেখা যাবে স্পেন-ক্রোয়েশিয়ার ফাইনাল
উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনের বিপক্ষে লড়বে ক্রোয়েশিয়া। গত আসরের ক্ষত পূরণ করতে মাঠে নামবে স্পেন, আর লুকা মদ্রিচের ক্যারিয়ারে পূর্ণতা আনতে লড়াই করবে ক্রোয়েটরা।
রোববার নেদারল্যান্ডসের রটেরডোমে স্পেনের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। খেলাটি দেখা যাবে সনি স্পোর্টস ২-এ। একই সঙ্গে বিভিন্ন অ্যাপসেও দেখা যাবে স্পেন-ক্রোয়েশিয়ার লড়াইটি।
এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইতালি।
সেমিফাইনালে আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় স্পেনকে। ইতালির বিপক্ষে ২-১ গোলের জয়ে ফের নেশন্স লিগের ফাইনালে লুইস দ্য লা ফুয়েন্তের দল। স্কোরলাইনে নিরঙ্কুশ আধিপত্য ফুটে না উঠলেও আজ্জুরিদের বিপক্ষে ম্যাচের অধিকাংশ সময়ই প্রাধান্য দেখায় স্প্যানিয়ার্ডরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরোটা সময় স্পেন কোনঠাসা করে রাখে রবার্তো মানচিনির দলকে। শেষ দিকে হোসেলুর গোলে জয় নিয়ে পরপর দুই আসরে ফাইনাল খেলার কীর্তি দেখায় স্পেন। ২০২১ সালে ফ্রান্সের কাছে ১-২ গোলে ফাইনাল হেরে শিরোপার স্বপ্ন চূর্ণ হয় তাদের।
এদিকে তিন আসরের মধ্যে এবারই প্রথম ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। সেমিফাইনালে স্বাগতিক নেদারল্যান্ডসকে ৪-২ গোলে উড়িয়ে দেয় কাতার বিশ্বকাপে তৃতীয় স্থান পাওয়া ক্রোয়েটরা।
এদিন নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে ড্র থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটে ব্রুনো পেতকোভিচ ও লুকা মদ্রিচ গোল করে ডাচদের ফাইনাল খেলার স্বপ্ন গুঁড়িয়ে দেন।