শিগগিরই মাঠে ফিরবেন সাকিব
বুধবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, থেমে থেমে বৃষ্টি ঝড়ছে। এমন আবহাওয়ার মধ্যেই মিরপুরে হাজির টাইগারদের টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান। অবশ্য ইনজুরির কারণে মিরপুর টেস্টে দলে জায়গা হয়নি তার। কিন্তু নিজেকে ফিট রাখতে অনুশীলনে ফিরেছেন এ অলরাউন্ডার।
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে পাওয়া যাবে না সাকিবকে। তবে আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে দলে ফিরবেন তিনি। বৃহস্পতিবার গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি।
গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নেয়ার সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়ে ৬ সপ্তাহের জন্য ছিটকে যান সাকিব। ফলে সিরিজের শেষ ম্যাচটি খেলতে পারেননি তিনি। একই কারণে তিনি মিস করছেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট।
অনাকাঙ্ক্ষিত এই ছুটিতে পরিবারের সঙ্গে দেখা করতে তখন যুক্তরাষ্ট্র চলে যান সাকিব। সেখানে পরিবারের সঙ্গে দারুণ সময় কাটিয়ে সোমবার দেশে ফেরেন তিনি।
সাকিব দেশে ফিরে পরদিনই আসেন মিরপুরের হোম অব ক্রিকেটে। সেদিন অবশ্য বিসিবি কার্যালয়ে কিছুক্ষণ থাকার পর ইনডোরের বাইরে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে ফিরে যান তিনি।
বৃহস্পতিবার ফের মাঠে এসেছেন সাকিব। জিম সেশনের পর বিসিবির ফিজিওর সঙ্গে প্রায় ২০-২৫ মিনিট দৌড়ান তিনি।
সাকিবের আঙুলের সবশেষ অবস্থা বোঝার জন্য পুনরায় এক্স-রে করা হয়েছে। রিপোর্ট দেখে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘ওর (সাকিবের) এক্স-রে রিপোর্ট দেখা হয়েছে। খুবই সন্তোষজনক। খুব বড় সমস্যা ছিল না। শিগগিরই মাঠে ফিরতে পারবে। আমরা আশাবাদী, (আফগানিস্তানের বিপক্ষে) ওয়ানডে সিরিজ খেলতে পারবে সাকিব।’
মিরপুরে আগামী বুধবার শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। এটি খেলে চলে যাবে আফগানরা। ওয়ানডে ও টি-২০তে খেলতে পুনরায় ১ জুলাই আসবে তারা। চট্টগ্রামে ৫ তারিখ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে।
ওই সিরিজে খেলার লক্ষ্যে শিগগিরই সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, “দেশের বাইরে থাকায় তো সাকিবের অনেকদিন ফিটনেস অনুশীলন করা হয়নি। এজন্য আগে ফিটনেস ঠিক করতে হবে। এর সঙ্গে ১-২ দিনের মধ্যে ফিজিওর তত্ত্বাবধানে আঙুলের চোটের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।”