ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সুখবর পেলেন সাকিব, মুশফিকের জন্য দুঃসংবাদ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪, ৮ জুন ২০২৩
সুখবর পেলেন সাকিব, মুশফিকের জন্য দুঃসংবাদ
সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। ইনজুরির কারণে এই সিরিজ খেলতে পারছেন না সাকিব আল হাসান। মাঠের বাইরে থাকলেও এরই মাঝে সুখবর পেয়েছেন তিনি। অন্যদিকে একই বিষয়ে দুঃসংবাদ পেয়েছেন আরেক ক্রিকেটার মুশফিকুর রহিম।

আইসিসির সবশেষ আপডেটকৃত র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান। টাইগাররা সর্বশেষ টেস্ট খেলেছে এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজের পর দুই মাস টেস্ট না খেললেও বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন সাকিব। 

অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে রান পেলেও র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে মুশফিকের। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। 

Advertisement

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। এরই মধ্যে দুই নতুন মুখ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নতুন মুখ হিসেবে দলে জায়গা পান শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান।

চোটে থাকা সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। এছাড়া দলে ফিরেছেন জাকির হাসান ও তাসকিন আহমেদ।

ঘোষিত দলে সুযোগ পাওয়া দিপুর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০২১ সালে। ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ২০টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ১২৬৫ রান করেছেন ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরিতে।

অন্যদিকে, ২০ বছর বয়সী মুশফিককে বেশ প্রতিভাবান মনে করছেন নির্বাচকরা। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ ম্যাচে ৪৯ উইকেট পেয়েছেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!