ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

টেস্টে মুশফিকের অন্যরকম ‘১৮’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০০, ২৬ মে ২০২৩
টেস্টে মুশফিকের অন্যরকম ‘১৮’
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্করণ হলো টেস্ট। এই ফরম্যাটে অভিষেকের জন্য প্রহর গুণতে থাকেন ক্রিকেটাররা। তেমনি একজন মুশফিকুর রহিম। ক্রিকেটের মর্যাদাপূর্ণ সংস্করণে নিজের অভিষেকের দিনটি বেশ ভালোভাবেই স্মৃতিতে ধারণ করে রেখেছেন দেশসেরা এ ডানহাতি ব্যাটার।

২০০৫ সালের আজকের এই দিনে (২৬ মে) ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে লাল বলের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় মুশফিকের। ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে খেলার সময় মুশির বয়স ছিল ১৮ বছর। টাইগারদের হয়ে তার টেস্ট অভিষেকেরও ১৮ বছর পূর্ণ হলো আজ। 

ক্রিকেটের জনক দেশের বিপক্ষে অভিষেক টেস্টের টুপি এখনো যত্ন করে রেখে দিয়েছেন মিস্টার ডিপেন্ডবল। শুক্রবার নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে টেস্টে অভিষেক ও বর্তমান সময়ের দুটি ছবি পাশাপাশি পোস্ট করে মুশি ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ১৮ বছর হয়ে গেছে এবং এখনো চলছে।’ 

লর্ডস টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মুশফিকের। অভিষেক টেস্টটা ছিল ভুলে যাওয়ার মতোই। কেননা তিন দিনে শেষ হওয়া টেস্টে বাংলাদেশ হারে ইনিংস ও ২৬১ রানে। দুই ইনিংস মিলে তিনি করেন ২২ রান। 

১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৫ টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ৩৮.৪৪ গড়ে করেছেন ৫৪৯৮ রান। করেছেন ১০ সেঞ্চুরি ও ২৬ ফিফটি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকেই। টেস্টে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩টি ডাবল সেঞ্চুরির রেকর্ডও এ উইকেটরক্ষক-ব্যাটারেরই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!