ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শান্তর ব্যাটে হাসুক লাল-সবুজের বাংলাদেশ

আশরাফুল ইসলাম আকাশ
প্রকাশিত: ১৭:০৫, ২৫ মে ২০২৩
শান্তর ব্যাটে হাসুক লাল-সবুজের বাংলাদেশ
ছবি- ডেইলি বাংলাদেশ

ইংল্যান্ডের চেমসফোর্ডের আকাশ কালো মেঘে ঢাকা পড়েছে। যেকোন মূহুর্তে সুবিশাল আকাশের বুকচিরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়বে। এমন শঙ্কার মাঝেই অনুশীলন করেছেন বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। যেই শঙ্কা, সেই বৃষ্টি! আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেল।

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগেই চেমসফোর্ডের সেন্টার উইকেট ঢাকা পড়লো সাদা কার্পেটে। টস হওয়ার আগেই বাধ সাধলো আবারো সেই বৃষ্টি। চেমসফোর্ডের আকাশ কিছুটা স্বস্তি দিতেই বাংলাদেশ-আয়ারল্যান্ড অধিনায়ক টস পর্ব সেরে ফেললেন। তবে বৃষ্টির কারণে সময় কমে যাওয়ায় ম্যাচটি কার্টেল ওভারে অনুষ্ঠিত হবে।

এ ম্যাচে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এ ম্যাচে টাইগার বোলারদের রীতিমতো ধোলাই করে নির্ধারিত ৪৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩১৯ রান করে স্বাগতিক আইরিশরা।

Advertisement

আয়ারল্যান্ডের দেওয়া বিশাল লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তামিমকে (৭) হারায় বাংলাদেশ। এরপরই ক্রিজে আসেন শান্ত। তবে উইকেটে থিতু হওয়ার আগেই দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন (২১)। তার বিদায়ে বাইশ গজে আসেন সাকিব আল হাসান।

চেমসফোর্ডের সবুজ গালিচায় নিজের ইনিংসটা ধীর গতিতে শুরু করলেও উইকেটে থিতু হয়েই ভয়ংকর হয়ে ওঠেন শান্ত। এরপর উইকেটের দুই পাশ থেকে আইরিশ বোলারদের রীতিমতো শাসন করতে থাকেন তিনি। 

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর উদযাপন করছেন শান্ত। ছবি- সংগৃহীত

ক্রিজের অন্যপ্রান্তে তান্ডব চালানো সাকিবের বিদায়ে কপালে কিছুটা চিন্তার ভাজ পড়ে টিম বাংলাদেশের। তবে দুশ্চিন্তাকে তুড়ি মেরে হৃদয়কে নিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ অর্ধ শতক তুলে নেন শান্ত। অবশ্য কে জানতো নতুন এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন এ বাঁহাতি ব্যাটার। 

ইনিংসের ৩৪তম ওভারে জর্জ ডকরেলের প্রথম বলটি লং অনে ঠেলে দিয়ে দুই রান নেন শান্ত। এর মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান তিনি। শতকের ইনিংসটি লম্বা করতে পারেননি ঠিকই; কিন্তু খাদের কিনারে থেকে টেনে তুলে ইংলিশ কন্ডিশনে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন এ ব্যাটার। পরে মুশির অপরাজিত ৩৬ রানে রুদ্ধশ্বাস জয় পায় বাংলাদেশ।

এদিন ১৫৬ মিনিটে ধৈর্য ও ক্লাসের সমন্বয়ে ওয়ানডে ফরম্যাটের প্রথম সেঞ্চুরির ইনিংসটি তিন ছক্কা ও বারোটি বাউন্ডারিতে সাজান নাজমুল হোসেন শান্ত। যে ইনিংসটি তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হয়ে থাকবে। অন্যদিকে ইতিহাস গড়া ইনিংসটি ক্রিকেটপ্রেমীদের দুই চোখকে শান্তি দিবে। 

আমি সবসময় যেটা বিশ্বাস করি, আন্তর্জাতিক ক্রিকেটে স্ট্রাগলিং পার্ট থাকতে পারে কিছুদিন। মানসিকভাবে শক্ত থাকা গুরুত্বপূর্ণ। যেটা শান্তর ক্ষেত্রে আমি দেখেছি যে, লিটনের মতোই বাইরের জিনিসগুলো ওকে বদার করে না। সেক্ষেত্রে আমার কেন জানি বিশ্বাস হয় যে, এই ছেলেটা লম্বা দৌড়ের ঘোড়া। আমি বিশ্বাস করি, এই ছেলেটা বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিতে পারবে।
-মাশরাফী বিন মোর্ত্তজা

১৯৯৮ সালের ২৫ আগস্ট রাজশাহীতে জন্মগ্রহণ করেন নাজমুল হোসেন শান্ত। এরপর সেখানেই বেড়ে ওঠা। এরপর স্কুল ক্রিকেট লিগ থেকে লাল-সবুজের জার্সিতে বয়সভিত্তিক ক্রিকেট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়ে জাতীয় দলে অভিষেক হয় এ বাঁহাতি টপ অর্ডার ব্যাটারের।

শান্তর ক্রিকেট ক্যারিয়ারের শুরুটা হয়েছিল স্কুল ক্রিকেট লিগ দিয়ে। রাজশাহীতে অধ্যায়নরত অবস্থায় স্কুলের বয়সভিত্তিক ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে স্থানীয় ক্রীড়া সংগঠকদের নজরে আসেন তিনি। পরে টাইগারদের হয়ে অনূর্ধ্ব-১৭ দলে ডাক পান তিনি। দুর্দান্ত পারফর্ম করে ২০১৩ সালে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান। এরপর দলটির হয়ে ২০১৪ ও ২০১৬ সালের বিশ্বকাপে অংশ নেন এ ব্যাটার। 

২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটান শান্ত। ওই টুর্নামেন্টে স্কটল্যান্ডের বিপক্ষে ১১৩ রানের অপরাজিত শত রানের ইনিংস খেলেন তিনি। এর মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সবমিলিয়ে ১ হাজার ৭৪৭ রান করেন তিনি। এছাড়া পাকিস্তানের সানি আসলাম ১৬৯৫ রান করে দ্বিতীয় এবং ১৪০৯ রান করে তৃতীয় অবস্থানে রয়েছেন প্রোটিয়া ব্যাটার কুইনটন ডি কক।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেঞ্চুরির পর শান্তর উদযাপন। ছবি- সংগৃহীত

একই বছরের ৮ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে অভিষেক হয় নাজমুল হোসেন শান্তর। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ব্যাট হাতে অভিষেক রাঙান তিনি। 

বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওই ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ২৯ রানে হারে মাশরাফী বিন মোর্ত্তজার দলটি। তবে দল হারলেও অভিষেক ম্যাচেই অপরাজিত ৫৪ রান করেন এ বাঁহাতি ব্যাটার।

পরের বছর অর্থাৎ ২০১৭ সালের ডিসেম্বরে জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোপলিসের বিপক্ষে রাজশাহী বিভাগের হয়ে উদ্বোধনী জুটিতে ৩৪১ রান করেন নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমান। ওই ম্যাচে প্রথম শ্রেণীর ক্রিকেটে শতক তুলে নেন তিনি। এরপর ২০১৭-১৮ মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১৬ ম্যাচে ৭৪৯ রান করে টুর্নামেন্টের সেরা রান সংগ্রহকারী বনে যান শান্ত।

বয়সভিত্তিক টুর্নামেন্টে ও ঘরোয়া লিগে ব্যাট হাতে আলো ছড়িয়ে সকলের নজরে আসেন শান্ত। এরপর ২০১৭ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন পাঁজরের চোটে দল থেকে ছিটকে যান মুমিনুল হক। তার পরিবর্তে টাইগারদের সাদা পোশাকে অভিষেক হয় নাজমুল হোসেন শান্তর।

সাদা পোশাকের ক্রিকেটে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন শান্ত। ছবি- সংগৃহীত

তবে ক্রিকেটের গুরুত্বপূর্ণ ফরম্যাটে নিজের অভিষেক রাঙাতে পারেননি শান্ত। কিউই পেসারদের গতির কাছে পরাস্ত হয়ে প্রথম ইনিংসে ১৮ ও দ্বিতীয় ইনিংসে ১২ রান করেন তিনি। 

টেস্টের পর ওয়ানডেতেও অভিষেক হয় নাজমুলের। ২০১৮ সালের এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হয় তার। আফগানদের বিপক্ষে লজ্জার হারের দিনে বিবর্ণ ছিলেন শান্তও। ওয়ানডে অভিষেকে মাত্র ৭ রান করে মুজিবের ঘূর্নিতে প্যাভিলিয়নে ফিরে যান এ টপ অর্ডার ব্যাটার।

জাতীয় দলের জার্সিতে স্বপ্নের অভিষেক হলেও খোলস থেকে বের হতে পারছিলেন না শান্ত। এজন্য এশিয়া কাপ শেষে দল থেকে বাদ পড়েন তিনি। লম্বা সময় জাতীয় দলের বাইরে থেকে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর আবারো টাইগার স্কোয়াডে সুযোগ হয় তার।

ঘরের মাঠে আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করে বাংলাদেশ। এ টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে টি-২০তে অভিষেক হয় নাজমুল হোসেনের। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ওপেনিংয়ে নেমেই ব্যর্থ হন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে অভিষেক ম্যাচেই ৭ রান করে সাজঘরে ফেরেন এ ব্যাটার।

অবশ্য জাতীয় দলের জার্সিতে ব্যর্থ হলেও ২০১৯ দক্ষিণ এশীয় গেমস পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতার জন্য বাংলাদেশ দলের অধিনায়ক মনোনীত হন শান্ত। ওই টুর্নামেন্টের ফাইনালে শ্রীলংকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

জাতীয় দলে বারবার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছিলেন শান্ত। ছবি- সংগৃহীত

তবে শান্ত ক্রিকেট ক্যারিয়ারের দুর্দান্ত সময়টি কাটিয়েছেন ২০২২-২৩ মৌসুমের বিপিএলে। এই আসরে সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতান তিনি। মূলত এবারের বিপিএলই শান্তর ক্রিকেট ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিপিএলের ফাইনালে কুমিল্লার বিপক্ষে হেরে যায় সিলেট সিক্সার্স। শিরোপা বঞ্চিত হওয়ার রাতেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শান্ত। এ ম্যাচে উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে ৪৫ বলে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। 

তবে শুধু যে ফাইনাল ম্যাচেই অর্ধ শতক তুলে নিয়েছেন তা নয়, টুর্নামেন্ট জুড়েই আলো ছড়িয়েছেন শান্ত। এই বিপিএলে সবমিলিয়ে ১৫ ম্যাচে ৪ অর্ধ শতকে ৫১৬ রান করেন তিনি। এতে টুর্নামেন্ট সেরার পুরস্কারও তার হাতেই উঠে।

এরপর ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে বাংলাদেশ দলে সুযোগ পান শান্ত। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫৮ ও দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান তিনি। তবে চট্টগ্রামে বাংলাদেশের লজ্জা এড়ানোর ম্যাচে ক্যারিয়ারের তৃতীয় অর্ধ শতক তুলে নেন তিনি। 

ওয়ানডেতে সিরিজে হারলেও টি-২০ সিরিজে ইংল্যান্ডকে ধবল ধোলাই করেছে বাংলাদেশ। এর পেছনে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শান্ত। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে দুর্দান্ত ৫১ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পান তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলে জয় নিয়ে মাঠ ছাড়েন। ওই ম্যাচে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন এ বাঁহাতি ব্যাটার।

বাংলার বাঘদের কাছে ইংলিশদের অসহায় আত্মসর্ম্পণের পর শান্তকে নিয়ে দেশটির সাবেক অধিনায়ক বলেন, ‘দুটি ম্যাচেই দারুণ খেলেছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা হয়ে উঠছে সে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে ৩৬ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন শান্ত। এতে ১৫৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৪২ রানেই গুটিয়ে যায় ইংলিশ বাহিনী। এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে ইংলিশ বাহিনীকে ধবল ধোলাইয়ের লজ্জা দেয় বাংলাদেশ। এ সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়ে সিরিজ সেরা হন শান্ত।

এরপর সিলেটে আয়ারল্যান্ড সিরিজেও ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের শাসন করেন শান্ত। প্রথম ম্যাচে উইকেটে থিতু হয়ে ফিরলেও সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান পেলেও তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে পারছিলেন না এ টপ অর্ডার ব্যাটার। 

আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে বল হাতে প্রথম উইকেটের পর উদযাপন করছেন শান্ত। ছবি- সংগৃহীত

অবশ্য সেই কাঙ্খিত সেঞ্চুরির দেখা মিলেছে ইংলিশ কন্ডিশনে। আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজে ১১৭ রানের দুর্দান্ত নক খেলেন শান্ত। যা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক। 

চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে রান না পেলেও নতুন একটি স্বপ্ন পূরণ হয়েছে শান্তর। ওই ম্যাচে তিন ওভার বল করে ১০ রান খরচ করে গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নিয়েছেন তিনি। এর মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো উইকেট শিকার করেন এ ব্যাটার অলরাউন্ডার।

শুরুটা বিবর্ণ হলেও সময়ের ব্যবধানে শান্ত নিজের ক্যারিয়ারটা যেভাবে গুছিয়ে নিয়েছেন, সেটি নিঃসন্দেহে প্রশংসার। সামাজিক মাধ্যমে এক সময়ের ‘লর্ড’ এখন বাংলাদেশ ক্রিকেটের টপ অর্ডারের অন্যতম কাণ্ডারি। ১৭ কোটি ক্রিকেটপ্রেমীদের এখন একটাই চাওয়া, আগামীতেও শান্তর ব্যাটে হাসুক লাল-সবুজের বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!