জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন আশরাফুল। অবশ্য ক্যারিয়ারের গোধূলি বেলাতে আহামরি পারফর্ম করতে পারছেন না তিনি। তবে ভবিষ্যতে ক্রিকেটে ফিরতে চান কোচের ভূমিকায় -এমন ইচ্ছার কথা জানিয়েছেন বহুবার।
ডিপিএল শেষের পর এখন ঘরোয়া ক্রিকেটে নেই কোনো ব্যস্ততা। কোচিং ক্যারিয়ারটা শুরু করতে সুযোগটার সদ্ব্যবহার করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। লেভেল-৩ কোচিং কোর্স করতে সংযুক্ত আরব আমিরাতে গেলেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার। আবুধাবিতে এই কোর্সের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ২৬ তারিখ থেকে এ কোর্স শুরু হবে বলে জানান তিনি।
.png)
আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাছে এই কোচিং কোর্সের প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে লুফে নেন ৩৮ বছর বয়সী আশরাফুল। এই কোচিং কোর্সে বুলবুল ছাড়াও থাকছেন রস টার্নার, অ্যালান ক্যাম্পবেল ও ইকবাল সিকান্দার।
কোচিং ক্যারিয়ার শুরুর প্রস্তুতি নিয়ে রোমাঞ্চিত আশরাফুল। ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আমি আবুধাবি যাচ্ছি, ২৬ তারিখ থেকে লেভেল-৩ কোচিং শুরু হবে। আইসিসির অধীনে আবুধাবিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় হচ্ছে এটা। রোজার ঈদের আগে জানতে পারি, লেভেল-৩ কোর্স হবে। ২৫ বছর খেলার অভিজ্ঞতা আর কোচিং ভিন্ন ব্যাপার। একদম শূন্য থেকে শুরু করতে হয়। খেলা আর কোচিংয়ের মোমেন্টাম ভিন্ন। শিখতে যাচ্ছি, ৬ দিনের কোর্স। সবাই দোয়া করবেন।’
এর আগে ২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইসিবির অধীনে লেভেল-২ কোর্স করেছিলেন আশরাফুল। ইসিবির অধীনে ক্লাব ক্রিকেট খেলতে হলে এই কোর্স করাটা বাধ্যতামূলক। আর টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা থাকলে লেভেল-১ কোর্স না করলেও চলে।