রোববার রাতে রিয়াল মাদ্রিদ আর ভ্যালেন্সিয়ার ম্যাচে বর্ণবাদী আচরণ ছাড়িয়ে গেলো সীমা। টার্গেট রিয়ালের ভিনিসিয়ুস। ভ্যালেন্সিয়ার সমর্থকরা শুরু থেকেই চড়াও ছিল তার ওপর। বর্ণবাদী কথাবার্তা বলছিল। এক পর্যায়ে একজনকে বলতে শোনা যায়-ভিনিসিয়ুস, তুমি মরো। শুনে কেঁদে ফেলেন ভিনি।
ম্যাচের শেষদিকে ভ্যালেন্সিয়ার হুগো দুরোকে ধাক্কা দেওয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভিনিকে। কিন্তু বর্ণবাদ নিয়ে আলোচনা থামেনি। ম্যাচের পর স্পেনকে ‘বর্ণবাদের দেশ’ উল্লেখ করে ভিনি বলেন, ‘আমি খুবই হতাশ। যে চ্যাম্পিয়নশিপ একসময় ছিল রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো (রোনালদো) ও (লিওনেল) মেসিদের দখলে, সেটিই এখন বর্ণবাদীদের দখলে। খুবই সুন্দর একটি জাতি, যারা আমাকে স্বাগত জানিয়েছে এবং যাদের আমি ভালোবাসি, তারাই এখন বর্ণবাদী জাতি হিসেবে বিশ্বে নিজেদের তুলে ধরছে। ’
.png)
‘স্প্যানিয়ার্ডদের মধ্যে যারা আমার সঙ্গে একমত নন, তাদের কাছে দুঃখিত। তবে ব্রাজিলিয়ানদের কাছে এখন স্পেন পরিচিত বর্ণবাদী দেশ হিসেবে। দুঃখজনকভাবে, প্রতি সপ্তাহেই যা ঘটছে, তাতে এখানে দ্বিমত করার কোনো উপায় নেই। আমিও একমত এতে। তবে আমি শক্ত আছি এবং বর্ণবাদীদর সঙ্গে লড়াইয়ের শেষ দেখে ছাড়ব। এতে যদি এখান থেকে অনেক পথ পাড়ি দিতে হয়, তবুও…। ’
লা লিগাকে একহাত নিয়ে ভিনি আরও বলেন, ‘এটা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে এবং সমর্থকদের দলগুলো সাহস জোগায়। ’
ভিনি একা নন, বর্ণবাদ ইস্যুতে তার পাশে দাঁড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়রের মতো ফুটবল তারকারাও। এই দুই সুপারস্টার ছাড়াও ভিনির সমর্থনে মুখ খুলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও এবং সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্ডিন্যান্ড।
পিএসজির ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে ইনস্টগ্রামে ভিনির সমর্থনে লিখেছেন, ‘তুমি একা নও। আমরা তোমার পাশে আছি এবং তোমাকে সমর্থন করছি।’
এমবাপ্পের মতো আরেক পিএসজি তারকা নেইমারও ভিনির উদ্দেশে দিয়েছেন পাশে থাকার বার্তা। ইনস্টাগ্রামে ভিনির ব্রাজিলিয়ান সতীর্থ লিখেছেন, 'আমি তোমার পাশে আছি। '