রোববার দুপুরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয় হায়দরাবাদ। এ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে সফরকারী দল। জবাবে ব্যাট করতে নেমে ক্যামেরুন গ্রিন ও রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে দুই উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিকরা।
এদিন টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রন পান সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক অ্যাডেইন মার্করাম। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন বিভ্রান্ত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল। উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু পেয়েছে হায়দরাবাদ। ১৪ ওভারে বিনা উইকেটে ১৪০ রান তোলেন এ দুই ব্যাটার।
.png)
অবশ্য হায়দরাবাদের দুর্দান্ত এ জুটি ভাঙে আকাশ মাধওয়াল। দুর্দান্ত ব্যাট করতে থাকা বিভ্রান্ত ৪৯ বলে ৬৭ রান করে আকাশের বলে ফিরে যান। এরপর ক্রিজে আসেন হেনরিখ ক্লাসেন। মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে জুটি গড়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন তিনি।
তবে ব্যক্তিগত ৮৩ রানে আউট হয়ে যান আগারওয়াল। এই উইকেটও শিকার করেন আকাশ। এরপর হায়দরাবাদের হয়ে আর কোনো ব্যাটারই সেভাবে রান তুলতে পারেননি।
নিয়মিত বিরতিতে উইকেট হারান গ্লেন ফিলিপস (১), হেনরিখ ক্লাসেন (১৮) ও হ্যারি ব্রুক। পরে অ্যাডেইন মার্করাম (১৩) ও সানভির সিংয়ের (৪) রানে ২০০ রানে পৌঁছায় হায়দরাবাদ।
এদিন মুম্বাইয়ের হয়ে হায়দরাবাদের চারটি উইকেট শিকার করেন আকাশ মাধওয়াল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ইশান কিশানকে হারায় মুম্বাই। এরপর ধকল কাটিয়ে হায়দরাবাদের বোলারদের তুলোধুনো শুরু করে ক্যামেরুন গ্রিন ও মুম্বাই দলপতি রোহিত শর্মা। এ জুটিতে ১২৮ রান পায় স্বাগতিকরা। অবশ্য হাফ সেঞ্চুরির ইনিংসটি লম্বা করতে পারেননি রোহিত। দাগারের বলে নীতিশ কুমারের তালুবন্দী হয়ে ৫৬ রানে সাজঘরে ফেরেন তিনি।
এরপর বাইশ গজে আসেন সূর্যকুমার যাদব। তাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিতে থাকেন গ্রিন। এরপর আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। ১০৩ রানে অপরাজিত থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়েন এ ব্যাটার।
এদিন হায়দরাবাদের হয়ে ভুবেনশ্বর কুমার ও মায়াঙ্ক দাগার একটি করে উইকেট নেন।