ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপের আয়োজক হতে চায়নি বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৯, ১৮ মে ২০২৩
এশিয়া কাপের আয়োজক হতে চায়নি বিসিবি
নাজমুল হাসান পাপন। ছবি- সংগৃহীত

সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে বসার কথা এশিয়া কাপের। তবে ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে টুর্নামেন্টটি নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। এশিয়া কাপের আয়োজন করতে ‘হাইব্রিড মডেল’র প্রস্তাব রাখা হলেও তাতেও অস্বীকৃতি জানিয়েছে ভারত। এজন্য এখনো চূড়ান্ত ভেন্যু নির্ধারণ করা সম্ভব হয়নি।

এদিকে পাকিস্তান ইতোমধ্যেই একটি বিকল্প প্রস্তাবনা নিয়ে হাজির হয়েছে। ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে দিয়ে বাকিগুলো আয়োজন করতে চায় পাকিস্তানেই। যদিও এ প্রস্তাবে রাজি নয় বাকি দেশগুলো। 

বৃহস্পতিবার বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটারদের নিয়ে আয়োজিত একটি টুর্নামেন্টের ফাইনাল শেষে এ বিষয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  

Advertisement

তিনি বলেন, ‘এশিয়া কাপের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত এসিসি থেকে আমাদের জানানো হয়নি। তবে হবে। কোথায় হবে সেটা বলা মুশকিল। আমার জানা মতে, দুইটা অপশন আছে। একটা হলো হাইব্রিড মডেল। আরেকটা হলো একটি দেশেই। হাইব্রিড মডেল হলে সেটা হবে পাকিস্তান ও আরব আমিরাতে।’

হাইব্রিড মডেলের এশিয়া কাপে বাংলাদেশ, শ্রীলংকাও রাজি নয় বলে জানা গেছে। তখন আরব আমিরাতে প্রচণ্ড গরম থাকে, বিশ্বকাপের ঠিক আগে এমন জায়গায় খেললে ক্রিকেটারদের ইনজুরির সম্ভাবনা দেখছে তারা। বিসিবি সভাপতি জানিয়েছেন, আয়োজক হওয়ার প্রস্তাব পেলেও রাজি হননি তারা। শ্রীলংকাতে আয়োজনের সম্ভাবনাই বেশি দেখছেন পাপন।

তিনি বলেন, ‘একটা দেশ হলে এটা যে কোনো দেশই হতে পারে। তবে খুব সম্ভব, সুযোগ বেশি শ্রীলংকার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে। আর খেলা হবে ওয়ানডে, টি-২০ হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে আমার মনে হয়, ওই সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদেরকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা বলেছি, ওই সময়টায় সম্ভব না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!