ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপ ইস্যুতে পিসিবির পাশে বিসিবি, বেকায়দায় ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০২, ১৮ মে ২০২৩
এশিয়া কাপ ইস্যুতে পিসিবির পাশে বিসিবি, বেকায়দায় ভারত
ফাইল ছবি

মাত্র ৯ দিন আগেই জানা গিয়েছিল, এশিয়া কাপ আয়োজনের বিষয়ে ভারতের সিদ্ধান্তের সঙ্গে একমত বাংলাদেশ ও শ্রীলঙ্কা। অর্থাৎ, প্রতিযোগিতা আয়োজনের জন্য পাকিস্তানের বিকল্প প্রস্তাবে রাজি নয় তারা। কিন্তু ৯ দিন পরেই ১৮০ ডিগ্রি ঘুরে গেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। পাকিস্তানের প্রস্তাবে রাজি হয়েছে বিসিবি।

পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির প্রস্তাব অনুযায়ী এশিয়া কাপ খেলতে চাইছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই বিষয়ে নাকি কয়েক দিনের মধ্যেই বৈঠক করতে পারেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। সেখানেই পাকিস্তানের প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

এশিয়া কাপ খেলতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্তে অনড় ভারতীয় ক্রিকেট বোর্ড। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই এ নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পাল্টা চাপেও সুর নরম করেনি ভারত।

Advertisement

এই পরিস্থিতিতে এশিয়া কাপ নিয়ে বিকল্প প্রস্তাব দিয়েছিল পিসিবি। শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ কোনো দেশে আয়োজন করার কথা বলেছিল এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। সেই বিকল্প প্রস্তাবেও রাজি নয় বিসিসিআই।

ভারত চায় পুরো প্রতিযোগিতাই পাকিস্তানের বদলে অন্য কোনো দেশে হোক। পরিস্থিতির চাপে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজনের কথা ভাবছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে তেমন প্রস্তাব দিতে পারে পিসিবি।

কিন্তু প্রতিযোগিতার আয়োজক হিসাবে পাকিস্তানকেই না চাইতে পারে ভারত। বিসিসিআই সচিবই এসিসি-র সভাপতি। সূত্রের খবর, নরেন্দ্র মোদী সরকারও এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে কড়া অবস্থান বজায় রাখার নির্দেশ দিয়েছে।

পিসিবি চেয়ারম্যান নাজাম ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভারতকে পাল্টা চাপে রাখার চেষ্টা করছেন। ভারতীয় ক্রিকেট অনড় অবস্থান বজায় রাখলে ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাবর আজমদের ভারতে না পাঠানোর হুমকি দিয়েছেন পিসিবি কর্তারা। এমনকি ওয়ানডে বিশ্বকাপে শর্তসাপেক্ষে অংশগ্রহণ করার কথাও ভাবনা রয়েছে তাদের।

ঘনিষ্ঠ মহলে নাজাম বলেছেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এমন লিখিত আশ্বাস পেলেই একমাত্র বিশ্বকাপে অংশগ্রহণ করবে পাকিস্তান। পিসিবি কর্তাও পাকিস্তান সরকারের কড়া মনোভাবকে সামনে রাখছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!