জাতীয় দলে ফিরছেন ডু প্লেসি
জাতীয় দলের জার্সিতে দুই বছর আগে ক্রিকেটকে বিদায় বলেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ফাফ ডু প্লেসি। অবশ্য জাতীয় দল থেকে অবসর নিলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন তিনি। স্বাভাবিকভাবেই জাতীয় দলের নজরে রয়েছেন প্রোটিয়াদের সাবেক এ অধিনায়ক।
আগামী ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের জার্সিতে আবারো বাইশ গজে দেখা যেতে পারে ডু প্লেসিকে। সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন এ ব্যাটার নিজেই।
এবার সাউথ আফ্রিকার নতুন কোচ রব ওয়াল্টার অবশ্য ডু প্লেসিসকে দলে চান। এ কারণেই সাবেক অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।
বিষয়টি নিয়ে ডু প্লেসি বলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ কেননা নতুন কোচ দলের অংশ হওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছে। এখন শুধুই কথা হয়েছে, আমার শারীরিক অবস্থা কী সেটা নিয়ে। আমি টেনিস এলবো ইনজুরি নিয়ে সাম্প্রতিক সময়ে ভুগছি। এটার জন্যে ইনজেকশনও দিয়েছি।’
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে ডু প্লেসিকে দলে চান সাউথ আফ্রিকার কোচ। যদিও ডু প্লেসির ইচ্ছা ২০২৪ টি-২০ বিশ্বকাপে জাতীয় দলে ফেরার। এ নিয়ে দুৎ’জনের ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান ডু প্লেসি।
এর আগেও জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন ডু প্লেসি। অবশ্য ২০২১ এবং ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে তাকে উপেক্ষা করেই সাজানো হয় দল।