বাংলাদেশ সিরিজের আগে আয়ারল্যান্ড ক্রিকেটে বড় পরিবর্তন
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর আগে দেশটির ক্রিকেটে এসেছে বড় পরিবর্তন। আইসিসি ওয়ানডে সুপার লিগের এই সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার (৯ মে) মাঠে নামবে দুই দল। মহাগুরুত্বপূর্ণ সিরিজের আগে আইরিশ ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন এনেছে দেশটি।
ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) প্রেসিডেন্ট হিসেবে সোমবার (৮ মে) দায়িত্ব পেয়েছেন উইলিয়াম উইলসন। সিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিদায়ী ডেভিড গ্রিফিনের স্থলাভিষিক্ত হয়েছেন উইলসন। পরবর্তী ১২ মাসের জন্য সিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।
উইলসন ব্রিগেড ক্রিকেট ক্লাবের খেলোয়াড় হিসেবে দুইটি আইরিশ সিনিয়র কাপ জেতেন। ফয়েল কলেজের জার্সিতে তার ক্রিকেট জীবন শুরু হয়। ১৯৮২ সালে কিংবদন্তি রয় টরেন্সের অধীনে খেলে বিগ্রেড ক্রিকেট ক্লাবে যোগ দেন। রয়ের অবসরের পর ক্লাবের অধিনায়কের দায়িত্বও পালন করেন উইলসন।
উইলসন ২০০১ সালে ক্রিকেটকে বিদায় জানান। আইরিশ ক্রিকেট ইউনিয়নের ক্রিকেট কমিটির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নর্থ-ওয়েস্টের নির্বাচক হিসেবেও কাজ করেন তিনি। আইরিশ কোচ আদ্রিয়ান বিরেলের মেয়াদকালে এবং ফিল সিমন্সের সঙ্গে দুই মৌসুমের জন্য নর্থ-ওয়েস্টের নির্বাচক হিসেবেও কাজ করেন তিনি।