ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৩

কলকাতা শিবিরে বড় দুঃসংবাদ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৯, ১৫ মে ২০২৩
কলকাতা শিবিরে বড় দুঃসংবাদ
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর দুঃস্বপ্নের মতো শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। চলমান আসরে দেরিতে হলেও জয়ের দেখা পেতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ চেন্নাইকে হারিয়ে প্লে-অফের দৌঁড়ে টিকে থাকল নাইট বাহিনীরা।

রোববার স্বাগতিক চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় কলকাতা। এ ম্যাচে ধোনির দলের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় শাহরুখ খানের মালিকানাধীন দলটি।

এতে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে রয়েছে কলকাতা। তবে দারুণ এ জয়ের পরও দুঃসংবাদ পেয়েছে কলকাতা। জরিমানার কবলে পড়েছেন দলটির প্রত্যেক খেলোয়াড়।

Advertisement

মন্থর বোলিংয়ের অভিযোগে এ জরিমানার কবলে পড়েছে দলটি। এর মধ্যে কেকেআরের অধিনায়ক নীতিশ রানা ২৪ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য ক্রিকেটাররাও জরিমানা গুনেছেন।

এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, চেন্নাইয়ের বিপক্ষে মন্থর বোলিংয়ের জন্য কেকেআরের শাস্তি হয়েছে। যেহেতু এটা তাদের (কেকেআর) দ্বিতীয় অপরাধ, তাই নীতিশের ২৪ লাখ রুপি ও একাদশের প্রতিটি সদস্যের সঙ্গে ইমপ্যাক্ট খেলোয়াড়কে ৬ লাখ রুপি বা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হলো।

তবে এ শাস্তির কারণে কিছুটা চাপেই থাকবেন কলকাতার কাপ্তান। কারণ আর এক ম্যাচে মন্থর গতির অভিযোগ উঠলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রথমবার মন্থর গতির বোলিংয়ের জন্য ১২ লাখ রুপি, দ্বিতীয়বারে ২৪ লাখ রুপি এবং তৃতীয়বারের এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!