ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘সে বিশ্বমানের বোলার’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৮, ১৫ মে ২০২৩
‘সে বিশ্বমানের বোলার’
ছবি- সংগৃহীত

এক দিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে সবমিলিয়ে দশটি ম্যাচ খেলেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। এরই মধ্যে বোলিং দক্ষতায় প্রতিপক্ষ ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই হাসানকে বিশ্বমানের বোলার হিসেবে মানছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। 

রোববার চেমসফোর্ডে শেষ ওভারে আয়ারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান, মার্ক আদাইয়ের তখন ৯ বলে ২০ রান করে ফেলেছেন।

সেই ওভারে প্রথম বলেই হাসানের বুদ্ধিদীপ্ত ‘ব্যাক অব দা হ্যান্ড’ স্লোয়ার ডেলিভারিতে আদাইর বোল্ড হয়ে যান ১০ বলে ২০ রান করে। পরে আরেকটি স্লোয়ারে অ্যান্ডি ম্যাকব্রাইনকেও ফেরান হাসান। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Advertisement

নতুন বলে দুই দিকে সুইং ও নিয়ন্ত্রণ, পুরনো বলে কার্যকারিতা, মাথা খাটিয়ে ব্যাটসম্যানকে পড়ে বল করা, সব দিক থেকেই নজর কেড়েছেন হাসান। সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজে হাসান নিয়েছেন ৩ ম্যাচে দলের সর্বোচ্চ ৫ উইকেট।

ম্যাচ শেষে তামিম বলেন, ‘সে এখন যেভাবে বোলিং করছে, তা বিশ্বমানের। বিশেষ করে নতুন বলে সে অসাধারণ। বয়স খুব কম হলেও ডেথ ওভারে সে দারুণ পরিণত। চাপের মধ্যে সে দারুণ ধীরস্থির।’

টাইগার দলপতি বলেন, ‘তার (হাসান) জন্য এটি বড় শিক্ষাও। অনুশীলনে কেউ হাজারটা বল করতে পারে। কিন্তু ম্যাচে এই ধরনের চাপের মধ্যে কাজটা করতে পারা দারুণ। এখান থেকে সে অনেক কিছু শিখবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!