বাইশ গজে পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও আগ্রাসী আচরণের কারণে সমালোচিত হন কোহলি। যার সবশেষ সংস্করণ গম্ভীরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়। এ নিয়ে ভারতীয় ক্রিকেটাঙ্গনে জল গড়িয়েছে অনেক দূর।
এদিকে হাত না মেলোনো নিয়ে বরাবরই সমালোচিত হয়েছেন সৌরভ-কোহলি। তবে সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে কোহলির সঙ্গে দূরত্ব কমালেন দেশটির সাবেক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।
.png)
শনিবার রাতে ব্যাঙ্গালুরু-দিল্লি ম্যাচ শেষে একে অপরের সঙ্গে হাত মিলিয়েছেন সৌরভ-কোহলি। এতে করে আইপিএলের ইতিহাসে সুন্দর একটি মুহূর্তের সাক্ষী হলো দর্শকরা।
এদিন দিল্লির কাছে ৭ উইকেটে হারার পর প্রতিপক্ষের খেলোয়াড়সহ টিম ম্যানেজমেন্টের সঙ্গে হাত মেলান কোহলি। সেদিনের মতোই ঠিক দিল্লির কোচ রিকি পন্টিংয়ের পেছনেই ছিলেন সৌরভ। কিন্তু গতকাল কোহলির সঙ্গে হাত মেলানোর সময় আসলে এড়িয়ে যাননি ভারতের সাবেক অধিনায়ক। শুধু হ্যান্ডশেকই করেননি উত্তরসূরির কাঁধে হাত রেখে যেন বুঝিয়ে দিলেন সবকিছু ভুলে গেছেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি।
২০২১ সালের টি-২০ বিশ্বকাপের সময় থেকেই সৌরভ-কোহলির মধ্যে ঝামেলা ছিল। কিন্তু ১৫ এপ্রিল ম্যাচ শেষে দুজনে হ্যান্ডশেক না করে নিজেদের মধ্যে দ্বন্দ্বকে আরো গুরুতর করে তোলেন। এ ঘটনার পরে তো সামাজিক মাধ্যমে একে অপরকে আনফলো করে দিয়েছিলেন তাঁরা। গতকাল হাত মেলানোয় এখন দেখার বিষয়, সামাজিক মাধ্যমে একে অপরে ফলো করেন কিনা।