ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদোর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, যা বললেন জর্জিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭, ২৮ এপ্রিল ২০২৩
রোনালদোর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, যা বললেন জর্জিনা
জর্জিনার সঙ্গে রোনালদো। ছবি- সংগৃহীত

ইউরোপের পাঠ চুকিয়ে সৌদি ক্লাবে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ যাত্রায় তার সঙ্গী হয়েছেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। সবকিছু ভালোই চলছিল। তবে হঠাৎই গুঞ্জন রটে যায় রোনালদোর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে জর্জিনার। এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও অবশেষে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই স্প্যানিশ মডেল।

সম্প্রতি নেটফ্লিক্সে প্রকাশ পেয়েছে ‘আমি জর্জিনা’ সিরিজের দ্বিতীয় অংশ। সেখানে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা প্রসঙ্গ সামনে এনেছেন তিনি। 

মূলত সিরিজটি ঘিরেই রোনালদো ও জর্জিনার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে খবর প্রকাশ করে ‘এল ফুতবোলেরো’। সেখানে বলা হয়, দুজনের মধ্যে সবকিছু ‘ঠিকঠাক নেই’। 

Advertisement

এরপর স্প্যানিশ টিকটক তারকা অ্যাবেল প্লানেলেস একটি ঘটনা সামনে আনলে গুঞ্জন আরো ডালপালা ছড়ায়। অ্যাবেল জানান, কিছুদিন আগে ব্যক্তিগত বিমানে ওঠার সময় রোনালদো–জর্জিনার মধ্যে তর্কাতর্কি হয়েছে। ঘটনার সময় আরো কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। ক্ষুব্ধ জর্জিনা নাকি সেদিন বিমানে কারো সঙ্গে কথাও বলেননি।

এসব নিয়ে স্পেনের কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায়ও। রোনালদোর সঙ্গে ‘সুখী নন’ জর্জিনা—এমন খবর পছন্দ হয়নি জর্জিনার। মানুষের মধ্যে জল্পনাকল্পনা বাড়ুক, তা–ও চাননি। 

রোনালদোর সঙ্গে সম্পর্কের অবনতির গুঞ্জনকে উড়িয়ে দিতে তাই ইনস্টাগ্রামের দ্বারস্থ হয়েছেন জর্জিনা। রাতের আকাশের একটি ছবি পোস্ট করে, সঙ্গে গানের কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন। মার্কিন সংগীতশিল্পী রোমিও সান্তোসের ‘ইফ আই ডাই’ গান থেকে নেওয়া কথাগুলো এ রকম—পরশ্রীকাতরদের কাজ গুজব তৈরি করা, রটনাকারীরা সেটা ছড়িয়ে দেয় আর বোকারা সেটা বিশ্বাস করে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!