বুধবার এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা। ম্যাচটি মাঠে গড়াবে রাত আটটায়।
আজকের ম্যাচে হেরে গেলেই চলমান আইপিএল থেকে কার্যত ছিটকে যাবে কলকাতা। বাকি থাকবে শুধু নিয়ম রক্ষার ম্যাচ। এমন সমীকরণের ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারাতে কেমন হবে কলকাতার একাদশ। এ নিয়েই চলছে জোর গুঞ্জন।
.png)
পরিস্থিতি যা, তাতে বদল করতেই পারেন অধিনায়ক নীতীশ রানা? বিশেষত ওপেনিং জুটি যেখানে খাটছেই না, সেখানে লিটন দাসকে বসিয়ে রাখার কোনো অর্থ হয় না। একটা ম্যাচের ভিত্তিতে তাকে বিচার করলে বোকামি হবে। কারণ লিটন কেকেআরে আসার আগে ছন্দেই ছিলেন। কোহলিদের বিপক্ষে তাকে প্রথম একাদশে ফেরানো হতে পারে।
কিন্তু লিটন বিদেশি। তিনি দলে এলে বাদ যাবেন কে? অনায়াসে এক্ষেত্রে একটাই নাম বলা যেতে পারে। সুনীল নারাইন। না ব্যাটে, না বলে, কিছুতেই কিছু করতে পারছেন না তিনি। কেন তাকে প্রতি ম্যাচে খেলিয়ে যাওয়া হচ্ছে সেটাই বড় প্রশ্ন।
ব্যাঙ্গালুরুর ফাটা উইকেটে এমনিতেই নারাইনের স্পিন কোনো কাজে লাগবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে নারাইনকে বসিয়ে লিটনকে খেলানো যেতে পারে।
শার্দুল ঠাকুরকেও দলে ফেরানো যেতে পারে। ছন্দে থাকা সত্ত্বেও তাকে খেলানো হচ্ছে না। ব্যাঙ্গালুরুর বিপক্ষে আগের ম্যাচে কিন্তু তিনিই জিতিয়েছিলেন। জগদীশনকে বসিয়ে তাকে দলে নেয়া হতে পারে। এতে দলে একটা বোলারও বাড়বে।
প্রশ্ন রয়েছে আরো দু’জনকে নিয়ে। তারা হলেন ডেভিড ভিসা এবং কুলবন্ত খেজরোলিয়া। ভিসাকে আগের ম্যাচেই প্রথম খেলানো হয়েছিল। তাকে বসালে অতিরিক্ত একজন বোলারকে খেলানো যেতে পারে।
অন্যদিক টিম সাউদি এবং লকি ফার্গুসন বসেই রয়েছেন। তাদের কাউকে প্রথম একাদশে দেখা যেতে পারে। খেজরোলিয়ার জায়গায় বৈভব অরোরা বা হর্ষিত রানাকে অনায়াসে নেয়া হতে পারে। আগে আইপিএলে খেলেছেন দু’জনেই। খেজরোলিয়ার থেকে খারাপ তো আর খেলবেন না!
কেকেআরের সম্ভাব্য একাদশ: জেসন রয়, লিটন দাস, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, টিম সাউদি, বরুণ চক্রবর্ত্তী/ সুযশ শর্মা, উমেশ যাদব ও বৈভব অরোরা।